সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক গ্রেপ্তার
সিলেট : সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ফয়জুল হক নামে এক মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে জৈন্তাপুর থেকে তাকে গ্রেপ্তার করে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মাদ্রাসার হিফজ শাখার ৮ থেকে ১০ বছর বয়সী দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকার করেছেন।
পুলিশ জানায়, নির্যাতনের শিকার শিশুদের পরিবারের অভিযোগের ভিত্তিতে বুধবার ফয়জুল হককে জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দেওয়ার খবর পেয়ে ফয়জুল মাদ্রাসা ছেড়ে পালিয়ে জৈন্তাপুরে চলে যান বলে পুলিশের ভাষ্য। তার বাড়িও জৈন্তাপুরে।
শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমদ জানান, দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক ফয়জুল হকের বিরুদ্ধে মামলা হয়েছে।
শিশুদের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, সম্প্রতি শিশু দুটি মাদ্রাসা থেকে বাড়িতে ফিরে আসে এবং এরপর আর মাদ্রাসায় যেতে আপত্তি জানায়। অভিভাবকরা তাদের মারধর করেও মাদ্রাসায় পাঠাতে পারেননি। একপর্যায়ে শিশু দুটি অভিভাবকদের জানায়, প্রতি রাতে তাদের হুজুরের ঘরে যেতে হয়। সেখানে যেতে অস্বীকৃতি জানালে তাদের মারধর করা হতো। আর ঘরে গেলে তাদের সঙ্গে ‘খারাপ কাজ’ করা হতো বলে শিশু দুটি অভিভাবকদের জানায়।
ওসি মো. ফেরদৌস আহমদ আরও বলেন, গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফয়জুল হক শিশু দুটির সঙ্গে বলাৎকারের কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাকে শিশুদের সঙ্গে এমন আচরণ না করে অন্যত্র বিয়ে করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নারীদের প্রতি আগ্রহ নেই বলে মন্তব্য করেন।
পুলিশের এই কর্মকর্তা জানান, ফয়জুল হককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। একই সঙ্গে নির্যাতনের অভিযোগ ওঠা শিশু দুটির মেডিকেল পরীক্ষা করানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
ঘটনাটি নিয়ে তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।