কোতোয়ালী পুলিশের অভিযানে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ ৪ কর্মী গ্রেফতার
বিয়ানীবাজার প্রতিনিধি :
সিলেট নগরীর রিকাবীবাজার পয়েন্টে অভিযান চালিয়ে বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকসহ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সক্রিয় কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর ২০২৬) রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন—বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেন (২৭), এহসান হোসেন (২৫), আব্দুল্লাহ আল রাহি (২৫) ও শাহ তাহমিদ আহমদ (৩৩)। তাদের সবার বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অন্যান্য নেতা-কর্মীরা সিলেট নগরীর বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে রাষ্ট্রবিরোধী স্লোগান দিয়ে ঝটিকা মিছিল করার চেষ্টা করেন। এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে দুটি মামলা দায়ের করা হয়।
মামলার সংক্ষিপ্ত তথ্য: কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৬, তারিখ ১৮ জুন ২০২৬ এবং মামলা নং-৫৩, তারিখ ৩০ আগস্ট ২০২৬। উভয় মামলায় সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯-এর ৯(৩)/১০/১১/১২/১৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।
মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে সন্দিগ্ধ আসামি হিসেবে চারজনকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় রিকাবীবাজার পয়েন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।
পুলিশের তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত এসএইচ উবায়েদ প্রকাশ সুফিয়ান হোসেনের বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় ২০২৩, ২০২১ ও ২০১৮ সালের পৃথক তিনটি মামলার সঙ্গে সম্পৃক্ততার তথ্য রয়েছে। এসব মামলায় দণ্ডবিধি, ১৮৬০-এর বিভিন্ন ধারায় অভিযোগ রয়েছে, যার মধ্যে মারামারি, হামলা, চুরি, ভাঙচুর ও হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগের ধারা উল্লেখ করা হয়েছে।
গ্রেফতারকৃত চার আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।