logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জে অটোরিকশার নতুন নম্বর প্লেটের দাবিতে বিক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ ০৬:২২ অপরাহ্ন
সুনামগঞ্জে অটোরিকশার নতুন নম্বর প্লেটের দাবিতে বিক্ষোভ

 সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:

সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বর প্লেট প্রদানসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের নেতৃবৃন্দ।


বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা অংশ নেন।


সুনামগঞ্জ জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আফজাল মিয়া, গণি মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।


সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান সাময়িকভাবে বন্ধ করতে হবে। পাশাপাশি নতুন লাইসেন্স প্রদান, পৌর এলাকার বাইরে বিতরণ করা লাইসেন্স যাচাই করে জব্দ বা বাতিল এবং একক মালিকানায় একাধিক লাইসেন্স প্রদানের অনিয়ম তদন্ত করে প্রকৃত শ্রমিকদের অটোরিকশা চালানোর সুযোগ দিতে হবে।


তারা বলেন, সুনামগঞ্জ পৌর শহরে ব্যাটারিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে এ পেশার সঙ্গে যুক্ত। শ্রম ও ঘাম ঝরিয়ে উপার্জিত অর্থ দিয়ে তারা পরিবার-পরিজন নিয়ে জীবন-জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু বর্তমানে পৌর প্রশাসনের অভিযান, লাইসেন্স সংক্রান্ত জটিলতা এবং লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্যের কারণে এসব শ্রমজীবী মানুষ চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।


নেতৃবৃন্দ আরও বলেন, অটোরিকশা চালানোর সুযোগ বন্ধ করার আগে এসব গরিব শ্রমজীবী মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অন্যথায় তাদের জীবন-জীবিকার ওপর বড় ধরনের প্রভাব পড়বে।


অটোরিকশা মালিক-শ্রমিকদের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে নেতারা বলেন, তাদের দাবি মেনে না নিলে আগামীতে লাগাতার কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।


পরে সংগঠনের নেতৃবৃন্দ তাদের দাবিসংবলিত স্মারকলিপি পৌর প্রশাসনের কাছে দিতে গেলে পৌর প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেননি বলে দাবি করেন আন্দোলনকারীরা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17531
Page of