logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ০৪ আগস্ট ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে নতুন এসএমপি কমিশনারের কঠোর বার্তা: অপরাধের বিরুদ্ধে আপসহীন পুলিশ

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ আগস্ট ২০২৬ ০৮:২৪ অপরাহ্ন
সাংবাদিকদের সঙ্গে প্রথম মতবিনিময়ে নতুন এসএমপি কমিশনারের কঠোর বার্তা: অপরাধের বিরুদ্ধে আপসহীন পুলিশ

নিজস্ব প্রতিবেদক:


সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) নবনিযুক্ত পুলিশ কমিশনার জনাব সারোয়ার মুর্শেদ শামীম, বিপিএম-সেবা-এর সঙ্গে সিলেটে কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ২টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় নবনিযুক্ত পুলিশ কমিশনার সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং নাগরিকবান্ধব পুলিশি সেবা আরও জোরদারের প্রত্যয় ব্যক্ত করেন।


তিনি বলেন, “সিলেট একটি পবিত্র নগরী। পূর্বে এখানে দায়িত্ব পালনের অভিজ্ঞতা থাকায় সিলেটের মানুষ ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে আমার ভালো ধারণা রয়েছে। এখানকার মানুষ শান্তিপ্রিয় ও পরোপকারী।”


সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় তুলে ধরেন। পরে সিলেট মহানগরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং নগরবাসীর বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।


আলোচনায় সাংবাদিকরা যানজট নিরসন, কিশোর গ্যাং নিয়ন্ত্রণ, মাদকবিরোধী অভিযান আরও জোরদার, ছিনতাই-চুরি ও সাইবার অপরাধ দমন, টহল ও বিট পুলিশিং কার্যক্রম শক্তিশালী করার আহ্বান জানান। পাশাপাশি অবৈধ আবাসিক হোটেল, অনলাইন জুয়া ও হানিট্র্যাপ চক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ, থানাগুলোকে আরও জনবান্ধব করা, জিডি ও মামলায় হয়রানি বন্ধ, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে গতি আনা এবং রাতের টহল ও চেকপোস্ট কার্যক্রম বাড়ানোর দাবি তোলেন।


এছাড়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান প্রতিরোধ, মাদকের মূল হোতাদের আইনের আওতায় আনা এবং নম্বরপ্লেটবিহীন যানবাহনের বিরুদ্ধে নজরদারি বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করা হয়।


জবাবে পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরের আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়নে পুলিশের চলমান কার্যক্রমকে শক্তিশালী করা হবে। মাদক, কিশোর গ্যাং, ছিনতাই, চুরি, সাইবার অপরাধ ও অনলাইন জুয়াসহ সব ধরনের অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনা হবে।


তিনি আরও বলেন, “কোনো নিরপরাধ ব্যক্তি যেন মিথ্যা বা হয়রানিমূলক মামলার শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে। থানাগুলোকে আরও জনবান্ধব করা হবে এবং জিডি ও মামলা সংক্রান্ত সেবায় সাধারণ মানুষের ভোগান্তি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”


এছাড়া রাতের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার, ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন এবং জনসম্পৃক্ত পুলিশিং আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের প্রতি আরও সচেতন থাকার আহ্বান জানান।


সভা শেষে পুলিশ কমিশনার বলেন, “পুলিশ, গণমাধ্যমকর্মী ও সকল শ্রেণি-পেশার সচেতন নাগরিকদের সম্মিলিত সহযোগিতা এবং পারস্পরিক আস্থার মাধ্যমেই একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও বাসযোগ্য সিলেট মহানগর গড়ে তোলা সম্ভব।”


এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) (ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ, অতিরিক্ত দায়িত্বে ডিবি) মো. আকতার হোসেন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মো. রিয়াজুল কবির, পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মো. আফজাল হোসেনসহ সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, ইমজা, অনলাইন প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও টেলিভিশন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16745
Page of