জৈন্তাপুরে ডিবির অভিযানে ৫ হাজার ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ২
সিলেটের জৈন্তাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুইজন কথিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— মাহবুবুর রহমান (৩৬), পিতা আলাউর রহমান, স্থায়ী বাড়ি কানাইঘাট উপজেলার ধলইমাটি গ্রামে এবং বর্তমানে শাহপরান মাজার রোড এলাকায় বসবাসকারী এবং হেলাল আহমদ (৪৯), পিতা মৃত সিরাজুল হক, জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন গ্রামের বাসিন্দা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট ২০২৬ রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) লুৎফর রহমান-এর নেতৃত্বে একটি দল জৈন্তাপুর উপজেলার দরবস্ত বাজারের আবু বক্কর মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে মাহবুবুর রহমানকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাহবুবুর রহমানের দেওয়া তথ্যের ভিত্তিতে একই রাতে দরবস্ত ইউনিয়নের ছাল্লাইন এলাকায় অভিযান চালিয়ে হেলাল আহমদকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ২ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধার হওয়া মোট ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটের আনুমানিক অবৈধ বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় জৈন্তাপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের দায়ের করা এজাহারের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।”