চারখাই বাজারে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতামূলক মানববন্ধন
বিয়ানীবাজার প্রতিনিধি:
সিলেটের বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজারে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে চারখাই ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে বাজারের চৌমুহনী চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, চারখাই ইউনিয়নের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা দিয়ে ভারতীয় মাদকদ্রব্য প্রবেশ করায় এলাকায় মাদক বিক্রি ও মাদকসেবনের প্রবণতা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণে সমাজের সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বক্তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের সতর্ক করে বলেন, তারা যেন অবিলম্বে এ পথ থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। কেউ কর্মসংস্থানের অভাবে এ ধরনের অপরাধে জড়িয়ে থাকলে চারখাই ইউনিয়নের বিত্তবান ও সমাজের দায়িত্বশীল ব্যক্তিরা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন।
এছাড়া মাদকাসক্তদের পরিবারের সদস্যদের প্রতি প্রথমে তাদের সংশোধনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, তাতে কাজ না হলে সচেতন নাগরিকরা তাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করবেন।
বক্তারা আরও বলেন, অল্প সময়ের মধ্যেই ‘মাদকমুক্ত চারখাই’ ঘোষণা করার লক্ষ্য নিয়ে কাজ চলছে। এ লক্ষ্য বাস্তবায়নে চারখাই ইউনিয়নের সর্বস্তরের মানুষের আন্তরিক সহযোগিতা কামনা করা হয়।
চারখাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হোসেন মুরাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব বেলায়েত হোসেন চৌধুরী, চারখাই ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী অহিদ আহমদ তালুকদার, মাওলানা আমির হোসেন চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক কাজী আবুল কাশেম, চারখাই ইউনিয়ন বণিক সমিতির সভাপতি মফিকুর রহমান হাসনু, জামায়াত নেতা মিলাদ আহমদ চৌধুরী, মার্কেন্টাইল ব্যাংক উপশহর শাখার ব্যবস্থাপক তামান হাসিব চৌধুরী, জেলা বিএনপি নেতা সৈয়দ এমরান আহমদ চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম, জেলা যুবদলের সহ-সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাবের আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হিফজুল ইসলাম চৌধুরী সুমনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক সাধারণ মানুষ।