logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০২ আগস্ট ২০২৬ ১২:৫১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মাকে রাজকীয় সংবর্ধনা

চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ১২:৫১ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০২ আগস্ট ২০২৬ ১২:৫১ অপরাহ্ন
গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিদায়ী প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মাকে রাজকীয় সংবর্ধনা

নোমান আহমেদ:

কোম্পানীগঞ্জ উপজেলার গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল চন্দ্র শর্ম্মার অবসর গ্রহণ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন ও জাঁকজমকপূর্ণ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, “অনিল চন্দ্র শর্ম্মা স্যার শুধু একজন শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন এ অঞ্চলের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক আলোকবর্তিকা। তাঁর নিষ্ঠা, সততা এবং শিক্ষার্থীদের প্রতি পিতৃসুলভ স্নেহ বিদ্যালয়টিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তাঁর এই অবদান গৌরীনগরবাসী চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।”


অনুষ্ঠানের শুরুতে বিদায়ী প্রধান শিক্ষককে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে বিদ্যালয়ের শিক্ষক, এলাকাবাসী এবং সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।


গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানিয়া বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া। তিনি বলেন, “সরকারি চাকরির নিয়ম অনুযায়ী হয়তো তাঁর প্রাতিষ্ঠানিক কর্মজীবনের সমাপ্তি ঘটছে, কিন্তু শিক্ষকতার মতো মহান ব্রত থেকে একজন শিক্ষক কখনোই অবসরে যান না। অনিল বাবু দীর্ঘদিন ধরে নিজের মেধা, শ্রম ও সততা দিয়ে গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে যেভাবে গড়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসনীয়। আজ বিদ্যালয়ের যে সুনাম ও শিক্ষার্থীদের সাফল্য আমরা দেখছি, তার পেছনে রয়েছে তাঁর অক্লান্ত পরিশ্রম ও দূরদর্শী নেতৃত্ব। তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজের সন্তানের মতো ভালোবেসে আলোর পথ দেখিয়েছেন। আশা করি ভবিষ্যতেও শতবর্ষী এই বিদ্যাপীঠের সুনাম অক্ষুণ্ন থাকবে।”


অনুষ্ঠানের শুরুতে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সকিনা বেগম। পরে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অঞ্জনা রানী রায় এবং গীতা পাঠ করেন সহকারী শিক্ষক কল্পনা রানী শর্ম্মা।


গৌরীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বাস্তবায়ন কমিটির সভাপতি মো. শাহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কোম্পানীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার টিটু কুমার দে, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্র চন্দ্র দাস, প্রাথমিক শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবুল খায়ের এবং কোম্পানীগঞ্জ উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি আজমল আলী।


এছাড়াও বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য আমির উদ্দিন, প্রাক্তন শিক্ষার্থী লবীব আহমদ ও সুজেল আহমদ, ফুলকুঁড়ি আইডিয়াল স্কুলের শিক্ষক আলী আফজল এবং বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী নূরী।


বিদায়লগ্নে আবেগাপ্লুত কণ্ঠে অনিল চন্দ্র শর্ম্মা বলেন, “শিক্ষকতা শুধু আমার পেশা ছিল না, এটি ছিল আমার জীবনের ব্রত। দীর্ঘ কর্মজীবনে সহকর্মী, অভিভাবক এবং প্রিয় শিক্ষার্থীদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছি, তা আমার বাকি জীবনের শ্রেষ্ঠ সম্বল হয়ে থাকবে। আমি অবসরে গেলেও এই বিদ্যালয়ের সাফল্য ও সমৃদ্ধি সবসময় কামনা করব।”


বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, অভিভাবক, গ্রামের মুরব্বিয়ান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পুরো আয়োজনটি উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/16718
Page of