সিলেট সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, ৯০ লাখ টাকার মালামাল জব্দ
নিজস্ব প্রতিবেদক:
সিলেট সীমান্তে পৃথক চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ ১৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।
রোববার (২ আগস্ট) বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বাংলাবাজার, লাফার্জ, তামাবিল, প্রতাপপুর, পান্থূমাই এবং সংগ্রাম বিওপি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে বিপুল পরিমাণ ভারতীয় গরু, কসমেটিকস, জিরা, মরিচ, কম্বল ও চিনি জব্দ করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে পাচারের সময় বিপুল পরিমাণ বাংলাদেশি রসুনও আটক করা হয়েছে।
বিজিবি জানায়, উদ্ধার করা চোরাচালানি মালামালের আনুমানিক সিজার মূল্য ৯০ লাখ ১৫ হাজার টাকা।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক বলেন, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম এবং গোয়েন্দা তৎপরতা সর্বাত্মকভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, আটককৃত চোরাচালানি মালামালের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।