logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রেস বিজ্ঞপ্তি ১৯ মে ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সবার সহযোগিতায় আদর্শ সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন প্রেস বিজ্ঞপ্তি
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ মে ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ন
সবার সহযোগিতায় আদর্শ সিটি কর্পোরেশন গড়ার প্রত্যয় সিসিক প্রশাসকের

সিলেট, : সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, সবার সম্মিলিত সহযোগিতায় একটি আদর্শ ও জনবান্ধব সিটি কর্পোরেশন গড়ে তুলতে চান।


রোববার (১৭ মে) দুপুর ২টায় নগরীর সারদা স্মৃতি ভবনে আয়োজিত সিলেট সিটি কর্পোরেশন কর্মচারী সংসদের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


তিনি বলেন, খ্যাতি ও গুরুত্বের দিক থেকে ঢাকা ও চট্টগ্রামের পরই সিলেটের অবস্থান থাকলেও সেই তুলনায় সিটি কর্পোরেশনের আর্থিক সক্ষমতা বাড়েনি। তবে সীমাবদ্ধতার মধ্যেও সিসিক কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টায় নগরবাসীকে নিয়মিত সেবা দেওয়া হচ্ছে।


প্রশাসক আরও বলেন, “২০০২ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সিলেট পৌরসভাকে সিটি কর্পোরেশনে উন্নীত করেছিলেন। কিন্তু দীর্ঘ ২৪ বছরে প্রত্যাশিত উন্নয়ন হয়নি। নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে স্বচ্ছতার অভাব ছিল। আমি কোনো ব্যক্তিগত সুবিধা নিতে আসিনি বা কারও অন্যায় আবদার রক্ষা করতে আসিনি। সততা, জবাবদিহিতা ও স্বচ্ছতার ভিত্তিতে একটি কার্যকর প্রতিষ্ঠান গড়তে চাই।”


তিনি আরও বলেন, সিটি কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা নগর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের ন্যায্য দাবি ও কল্যাণ বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে, তবে দায়িত্বশীলতা ও আন্তরিকতাও প্রয়োজন।


সভায় সিসিক কর্মচারী সংসদের সভাপতি আব্দুল বাছিত সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক আখতার সিদ্দিকী বাবলু অনুষ্ঠান পরিচালনা করেন।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার, সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মো. একলিম আবদীন, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) লে. কর্নেল (অব.) মোহাম্মদ উল্লাহ সজীব, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জয়দেব বিশ্বাসসহ সিসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।


সভায় কর্মচারী সংসদের বিভিন্ন নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত আয়-ব্যয়ের হিসাব উপস্থাপন করেন।


এ সময় অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণ, স্থায়ী কার্যালয় নির্মাণ, সাংগঠনিক কাঠামো অনুমোদন, নারী কর্মীদের জন্য নামাজের স্থান, পদোন্নতি, ক্যান্টিন স্থাপন এবং চাকরির সময় মৃত্যুবরণ করলে আর্থিক অনুদানসহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়।


এসব দাবিকে যৌক্তিক উল্লেখ করে প্রশাসক বলেন, পর্যায়ক্রমে এগুলো বাস্তবায়নের চেষ্টা করা হবে এবং সবার সহযোগিতায় একটি আদর্শ সিটি কর্পোরেশন গড়ে তোলা হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15496
Page of