সিলেটে অনির্দিষ্টকালের ধর্মঘট স্থগিত, পুলিশের আশ্বাসে সিদ্ধান্ত
সিলেট,: সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারের আশ্বাসের ভিত্তিতে সিলেট বিভাগের ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিত করা হয়েছে।
শনিবার (১৭ মে ) বিকেল ৫টা ৩০ মিনিটে সিলেট মেট্রোপলিটন পুলিশের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
সভায় সিলেট বিভাগের পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় পুলিশ কমিশনার আশ্বাস দেন যে, চলমান হত্যা মামলার প্রাথমিক তদন্তে কারও সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া গেলে কাউকে গ্রেপ্তার বা হয়রানি করা হবে না। একই সঙ্গে তিনি জানান, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা হবে এবং নির্দোষ ব্যক্তিদের মামলা থেকে অব্যাহতি দেওয়া হবে।
এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটি আগামী ১৯ মে ভোর থেকে ঘোষিত অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট স্থগিতের সিদ্ধান্ত নেয়।
উল্লেখ্য, গত ২৭ এপ্রিল ২০২৬ কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে শ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষে দুইজন শ্রমিক নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় শ্রমিক ফেডারেশনের কয়েকজন নেতাকে আসামি করা হলে প্রতিবাদে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়েছিল।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মোহাম্মদ এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মো. মাসুদ রানা, পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়সহ এসএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং পরিবহন মালিক-শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন।