logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৭ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

ওসমানীনগরে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের মূলহোতা দলিল লেখক মকবুল গ্রেফতার

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ১১:৪৯ অপরাহ্ন
ওসমানীনগরে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি চক্রের মূলহোতা দলিল লেখক মকবুল গ্রেফতার

ওসমানীনগর, প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি, প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি তাজপুর সাবরেজিস্টার অফিসের দলিল লেখক মো. মকবুল হোসেনকে (৪৫) গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। তার বিরুদ্ধে নারী নির্যাতনসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


গ্রেফতারকৃত মকবুল উপজেলার দয়ামীর ইউনিয়নের রাইকদারা গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে। পুলিশের নথি অনুযায়ী, তার বিরুদ্ধে মামলা নং-৪৫/২০২৫ ও ৩৭/২০২৫-সহ একাধিক অভিযোগ রয়েছে।


পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি প্রতারক চক্র পুলিশ ক্লিয়ারেন্সসহ বিভিন্ন সরকারি কাগজপত্র দ্রুত পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে আসছিল। বিশেষ করে বিদেশগামী ও চাকরিপ্রত্যাশীদের টার্গেট করে ভুয়া তথ্য ও জাল কাগজপত্র ব্যবহার করে প্রতারণা চালানো হতো। কাজ সম্পন্ন না করে ভুক্তভোগীদের ভয়ভীতি ও চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।


সম্প্রতি এক ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে প্রতারণা, জালিয়াতি ও ভয়ভীতি প্রদর্শনের প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলা রুজু করা হয়।


এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ মে) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওসমানীনগর থানা পুলিশের একটি বিশেষ টিম দয়ামীর রাইকদারা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে নিজ বাড়ি থেকে মকবুল হোসেনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মামলায় গ্রেফতার দেখানো হয়।


পুলিশ জানায়, মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮, ৪৭১ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। তদন্তে আরও কয়েকজনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে এবং চক্রটির কার্যক্রমের বিস্তৃতি খতিয়ে দেখা হচ্ছে।


স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল সরকারি কাগজপত্রের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে এলেও ভুক্তভোগীরা নানা কারণে মুখ খুলতে সাহস পাননি। সাম্প্রতিক এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতিসহ বিভিন্ন মামলার অভিযুক্ত আসামি মকবুল হোসেনকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15225
Page of