logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৭ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

আইনশৃঙ্খলায় পুলিশের সক্ষমতা বেড়েছে, তাই সেনাবাহিনী প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৭ মে ২০২৬ ১১:২৬ অপরাহ্ন
আইনশৃঙ্খলায় পুলিশের সক্ষমতা বেড়েছে, তাই সেনাবাহিনী প্রত্যাহার: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ০৭ মে ২০২৬: পরিবেশ ও আইনগত বিষয়গুলো কঠোরভাবে মেনে সিলেট ও সুনামগঞ্জ জেলার পাথর কোয়ারিগুলো সীমিত পরিসরে পুনরায় ইজারা দেওয়ার লক্ষ্যে উচ্চপর্যায়ের একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করেছে সরকার। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির কথা উল্লেখ করে পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।


বুধবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সিলেট বিভাগের পাথর ও বালুমিশ্রিত পাথর কোয়ারির সর্বশেষ অবস্থা এবং করণীয় বিষয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্রমন্ত্রী নিজেই।


মন্ত্রী জানান, সিলেটের বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক করে গঠিত কমিটিতে সিলেট ও সুনামগঞ্জের জেলা প্রশাসক, পরিবেশ অধিদপ্তর, পানি সম্পদ মন্ত্রণালয়, জিওলজিক্যাল সার্ভে অব বাংলাদেশ (GSB), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক এবং খনিজ সম্পদ মন্ত্রণালয়ের একজন পরিচালককে সদস্য করা হয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে দুই জেলার পুলিশ সুপারদেরও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।


কমিটির দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, সরেজমিনে পাথর উত্তোলন এলাকা পরিদর্শন করে সীমান্ত নদীগুলোতে পলি জমার কারণে সৃষ্ট ওয়াটার ব্যারিকেড পরীক্ষা করা হবে। পাশাপাশি নদীভাঙনের ফলে সীমান্ত পরিবর্তনের ঝুঁকি মূল্যায়ন, পরিবেশ অক্ষুণ্ণ রেখে কত গভীরতায় এবং কোন পদ্ধতিতে পাথর উত্তোলন সম্ভব সে বিষয়ে কারিগরি পরামর্শ দেওয়া এবং বিছানাকান্দি, সাদা পাথর ও ভোলাগঞ্জের মতো পর্যটন স্পটগুলোর সুরক্ষা নিশ্চিত করাও কমিটির কাজের অন্তর্ভুক্ত থাকবে।


স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জাফলংয়ের মতো ‘ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া’ (ECA) ঘোষিত অঞ্চলগুলো কোনোভাবেই ইজারার আওতায় আনা হবে না। কমিটির প্রতিবেদন চলতি মাসের শেষ নাগাদ পাওয়া গেলে জুনের প্রথম সপ্তাহে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। একই সঙ্গে উচ্চ আদালতে ঝুলে থাকা সংশ্লিষ্ট মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য আইন মন্ত্রণালয়ের মাধ্যমে উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।


দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পর পুলিশ বাহিনীকে পুনরায় সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তিনি বলেন, “সরকারি নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীকে অনির্দিষ্টকালের জন্য মাঠে রাখা হবে না। পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের মাধ্যমে ধাপে ধাপে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে।”


চাঁদাবাজ, গডফাদার, মাদক কারবারি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে তিনি বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়।” সুনির্দিষ্ট তালিকা অনুযায়ী যৌথ ও একক অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করা হচ্ছে এবং সংক্ষিপ্ত আদালতের মাধ্যমে দ্রুত সাজা নিশ্চিত করা হচ্ছে। এ অভিযানের দৃশ্যমান অগ্রগতি রয়েছে বলেও দাবি করেন তিনি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15223
Page of