logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ০৬ মে ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
পারস্পরিক স্বার্থে চুক্তি ব্যবহারে জোর, বৈঠক শেষে বক্তব্য

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ০৬ মে ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ০৬ মে ২০২৬ ০২:৩৫ পূর্বাহ্ন
বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি নিয়ে উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী

ঢাকা,  বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্য চুক্তিকে পারস্পরিক স্বার্থে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্রমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। তিনি বলেন, যেকোনো আন্তর্জাতিক চুক্তি দুই পক্ষের সমন্বয়ে গঠিত হয় এবং এতে উভয় পক্ষের স্বার্থ বিবেচনায় রেখে একটি “উইন-উইন” পরিস্থিতি তৈরি করা হয়। তাই এই চুক্তি নিয়ে অযথা উদ্বেগের কিছু নেই।


মঙ্গলবার (৫ মে) বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি -এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


মন্ত্রী জানান, বর্তমান সরকার এই চুক্তির সূচনাকারী নয়, বরং রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ হিসেবে এটি উত্তরাধিকারসূত্রে পেয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের মধ্যে সম্পাদিত কোনো চুক্তি ব্যক্তিগত চুক্তির মতো নয় যে ইচ্ছামতো বাতিল করা যাবে। এটি একটি বাস্তবতা এবং সরকার এটিকে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে সর্বোচ্চভাবে কাজে লাগাতে চায়।


তিনি আরও বলেন, সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে, যার বিষয়ে বাংলাদেশ ব্যাখ্যা চেয়েছে এবং প্রাপ্ত ব্যাখ্যার ভিত্তিতে নিজেদের অবস্থানও তুলে ধরা হয়েছে। মন্ত্রী বলেন, বিদ্যমান চুক্তির প্রেক্ষাপটে এ ধরনের তদন্ত শুরু না হলে তা আরও ইতিবাচক হতো।


বাংলাদেশের উৎপাদন ও বাণিজ্য পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, দেশে কোনো ক্ষেত্রেই ওভার ক্যাপাসিটি নেই এবং ডাম্পিংয়ের অভিযোগও ভিত্তিহীন। বাংলাদেশ অধিকাংশ পণ্য আমদানি করে এবং রপ্তানি খাত, বিশেষ করে তৈরি পোশাক শিল্প, কঠোর আন্তর্জাতিক কমপ্লায়েন্স মেনে পরিচালিত হয়। সেখানে শ্রম আইন লঙ্ঘন বা শিশুশ্রমের কোনো সুযোগ নেই।


চুক্তি বাতিল প্রসঙ্গে তিনি বলেন, সরকার জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। কোনো চুক্তির কোনো ধারা যদি দেশের স্বার্থের পরিপন্থী হয়, তবে তা সংশোধনের সুযোগ চুক্তির মধ্যেই রয়েছে—যাকে তিনি “সেলফ কারেক্টিং এলিমেন্ট” হিসেবে উল্লেখ করেন।


তিনি আরও জানান, চুক্তির মধ্যেই প্রয়োজনীয় সংশোধন বা সমন্বয়ের বিধান রয়েছে, তাই এটি নিয়ে অতিরিক্ত উদ্বেগ বা আতঙ্কের কোনো কারণ নেই।


বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক জোরদারসহ বিভিন্ন পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) মো. আবদুর রহিম খান উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15196
Page of