logo
চ্যানেল জৈন্তা নিউজ
সুনামগঞ্জ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

সুনামগঞ্জের শাল্লায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসে হাওরের মাঠভরা ধান নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫০ অপরাহ্ন সুনামগঞ্জ
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ এপ্রিল ২০২৬ ০২:৫০ অপরাহ্ন
সুনামগঞ্জের শাল্লায় অতিভারী বৃষ্টির পূর্বাভাসে হাওরের মাঠভরা ধান নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাস কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ২৮ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সুনামগঞ্জের হাওর অববাহিকায় অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এ খবরে শাল্লাসহ পুরো হাওর অঞ্চলের কৃষকদের মাঝে চরম আতঙ্ক ও দুশ্চিন্তা দেখা দিয়েছে।


একদিকে মাঠভরা পরিপক্ক বোরো ধান, অন্যদিকে বন্যার আশঙ্কা—এই দুই সংকটের মাঝে এখন কঠিন সময় পার করছেন হাওরের কৃষকরা।


কৃষি বিভাগের নির্দেশনা অনুযায়ী ২৮ এপ্রিলের মধ্যে হাওরের প্রায় ৮০ শতাংশ পরিপক্ক ধান দ্রুত কেটে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে। তবে বাস্তবে তা কার্যকর করা কঠিন হয়ে পড়েছে। হাওরের জমিতে পানি থাকায় হারভেস্টার মেশিন নামানো যাচ্ছে না, পাশাপাশি শ্রমিক সংকটও প্রকট আকার ধারণ করেছে। ফলে ধান কাটার গতি কমে গেছে এবং অধিকাংশ ধান এখনো মাঠেই রয়ে গেছে।


কৃষকরা জানান, ফসল রক্ষায় পরিবারের সদস্যরাও মাঠে নেমেছেন। অনেক জায়গায় স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরাও বই-খাতা রেখে ধান কাটার কাজে অংশ নিচ্ছেন। তাদের মতে, বোরো ধানই বছরের একমাত্র ভরসা, তাই সময়মতো ঘরে না তুলতে পারলে বড় ক্ষতির মুখে পড়তে হবে।


হাওরের কৃষকরা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক দুর্যোগ, অকাল বৃষ্টি, শিলাবৃষ্টি এবং ধানের ন্যায্যমূল্য না পাওয়ার মতো সমস্যার মধ্য দিয়ে চাষাবাদ করে আসছেন। এবার অতিভারী বৃষ্টির পূর্বাভাসে তাদের সেই সংগ্রাম আরও কঠিন হয়ে উঠেছে।


স্থানীয় কৃষকরা আশঙ্কা করছেন, পূর্বাভাস অনুযায়ী বন্যা দেখা দিলে মাঠের ফসল পানিতে তলিয়ে যাবে এবং হাজারো কৃষক পরিবার বড় ধরনের ক্ষতির মুখে পড়বে।


এ অবস্থায় কৃষি বিভাগ ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জরুরি ভিত্তিতে শ্রমিক সহায়তা ও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন হাওরবাসী।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/15046
Page of