ধর্মপাশায় প্রবাসীদের সহায়তা, বৃদ্ধাকে ২০ হাজার টাকা প্রদান
ধর্মপাশা (সুনামগঞ্জ), : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ও সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির পক্ষ থেকে এক অসহায় বৃদ্ধাকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
নেহার (৭২) নামের ওই বৃদ্ধা নারী সেলবরষ ইউনিয়নের মাটিকাটা গ্রামের মৃত আজব আলীর মেয়ে। মানবিক দায়বদ্ধতা থেকে সংগঠনটি মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকাল ৫টায় বাদশাগঞ্জ বাজারে অবস্থিত অস্থায়ী কার্যালয়ে এ সহায়তা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রবাসী উন্নয়ন সমিতির সভাপতি শাহ আলম ফরহাদ ও যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য রাখেন। পরে অসহায় ওই নারীর হাতে নগদ ২০ হাজার টাকা তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক নজরুল ইসলাম, শহীদ মিয়া, আব্দুল হামিদ, তোফাজুল হোসেন তালুকদার, ধর্মপাশা প্রেসক্লাবের সভাপতি সেলিম আহম্মেদ, সাধারণ সম্পাদক শাকিন শাহ, আরমান্নুর পীরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা প্রবাসীদের এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, ভবিষ্যতেও এই সমিতি এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কর্মকাণ্ডে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বছরের ১৫ জুলাই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ৬০ জন প্রবাসী মিলে এই সংগঠনটি গঠন করেন।