দিরাইয়ে পৃথক দুই সংঘর্ষে অন্তত ৪০ জন আহত
দিরাই প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় পৃথক দুইটি সংঘর্ষের ঘটনায় অন্তত ৪০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে উপজেলার হাজারীপুর ও জগদল গ্রামে এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজারীপুর গ্রামে বিজয় তালুকদার ও রতিন্দ্র তালুকদারের মধ্যে কয়েকদিন আগে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিলেও স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে আপাত মীমাংসা করা হয়। তবে বিরোধ পুরোপুরি মিটেনি।
মঙ্গলবার দুপুরে সরকারি গোপাট দিয়ে হাওরের ধান আনা নিয়ে দুই পক্ষের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে বিজয় তালুকদারের লোকজন সংঘবদ্ধ হয়ে হামলা চালালে রতিন্দ্র তালুকদারের পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে গুরুতর চারজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে রয়েছেন—মিহির তালুকদার (৪০), রান্টু তালুকদার (৩৮), সৈকত তালুকদার (২৪) ও সাগর তালুকদার (২২)। অপরদিকে বিজয় তালুকদারের পক্ষের বিজিত তালুকদার চিকিৎসা নিয়েছেন।
একইদিন দুপুরে জগদল গ্রামে মাওলানা আব্দুল কদ্দুস ও সমুজ মিয়ার সমর্থকদের মধ্যে আরেকটি সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সকালে একটি হাঁস মারা নিয়ে হাক্কা মিয়া ও হালেমা বেগমের পক্ষের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জের ধরে দুপুরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হন।
পৃথক সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।