কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে হত্যা, ভারত সীমান্ত এলাকা থেকে স্বামী গ্রেফতার
কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে স্ত্রীকে কুপিয়ে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী সোহেল আহমদ (৩৪)-কে পুলিশ গ্রেফতার করেছে।
গত ২৮ এপ্রিল . রাত আনুমানিক ১টা ৩০ মিনিট থেকে ২টার মধ্যে কানাইঘাট থানাধীন ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খন্ড ছিলাইরপাড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
পুলিশ সূত্রে জানা যায়, আসামি সোহেল আহমদ (৩৪), পিতা-আব্দুর রশিদ, তার স্ত্রী ফারহানা বেগম (৩২)-এর সঙ্গে তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করেন। এতে ঘটনাস্থলেই ফারহানা বেগমের মৃত্যু হয়।
ঘটনার পর আসামি পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের ভাই সেলিম আহমদ বাদী হয়ে কানাইঘাট থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-২১, তারিখ: ২৯/০৪/২০২৬, ধারা-৩০২/৩৪ পেনাল কোড)।
পরবর্তীতে সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক-এর দিকনির্দেশনায় কানাইঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম-এর নেতৃত্বে এসআই কবির হোসেন, এসআই শাহ আলম, এসআই সোহাগ চৌধুরীসহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ২৯ এপ্রিল ২০২৬ তারিখে কানাইঘাট থানাধীন কালীনগর বাগরা এলাকা, ভারতীয় সীমান্তের নিকট থেকে পলাতক আসামি সোহেল আহমদকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আমিনুল ইসলাম বলেন, “ঘটনার পরপরই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অভিযান পরিচালনা করি। দ্রুত সময়ের মধ্যেই আসামিকে সীমান্তবর্তী এলাকা থেকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”