লাখাইয়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে নতুন করে ৭০ হেক্টর জমি প্লাবিত, দ্রুত ধান কাটার পরামর্শ কৃষি অফিসের
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় প্রচণ্ড ঝড়-তুফান, অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কৃষকের স্বপ্ন এখন পানির নিচে। টানা বৃষ্টির ফলে উপজেলার নতুন করে প্রায় ৭০ হেক্টরেরও বেশি জমির বোরো ধান তলিয়ে গেছে।
মাঠের পর মাঠ ধান পানিতে ডুবে যাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে চরম হতাশা ও দুশ্চিন্তা দেখা দিয়েছে। কষ্টের ফসল হারিয়ে অনেক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
কৃষকদের অভিযোগ, একদিকে ধান কাটার জন্য শ্রমিক সংকট, অন্যদিকে ভেকু (এক্সেভেটর) চালকরা অতিরিক্ত টাকা দাবি করায় তারা দ্বিগুণ ক্ষতির মুখে পড়ছেন। কেউ কেউ বাধ্য হয়ে হাঁটু সমান পানিতে নেমে আধা-পাকা ধান কাটার চেষ্টা করছেন, আবার অনেকে হতাশ হয়ে তলিয়ে যাওয়া ফসলের দিকে তাকিয়ে আছেন।
ক্ষয়ক্ষতির বিষয়ে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা শাহেদুল হক জানান, সাম্প্রতিক বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পানিতে নতুন করে প্রায় ৫৫ হেক্টর জমি তলিয়ে গেছে। এর আগে আরও ১২ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছিল। সব মিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৭০ হেক্টরের কাছাকাছি জমি পানিতে তলিয়ে গেছে।
তিনি বলেন, বৃষ্টি কমলে পানি দ্রুত নেমে যাবে বলে আশা করা হচ্ছে। তবে বর্তমান পরিস্থিতিতে কৃষকদের দ্রুত ধান কেটে ঘরে তোলার জন্য নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে।
স্থানীয় কৃষকরা জানান, ধার-দেনা করে চাষাবাদ করা ফসল এখন পানির নিচে চলে যাওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন। দ্রুত পানি নিষ্কাশন ও শ্রমিক সংকট নিরসন না হলে ক্ষতির পরিমাণ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।