দিরাইয়ে ভাঙারিতে বিক্রির সময় ৩শ কেজি সরকারি বই উদ্ধার, দপ্তরী আটক
সুনামগঞ্জের দিরাই উপজেলায় প্রায় ৩শ কেজি সরকারি পাঠ্যপুস্তক অবৈধভাবে বিক্রির সময় এক মাদ্রাসার দপ্তরীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
আটককৃত শহীদুল ইসলাম দিরাই পৌর শহরের হাজী মাহমদ মিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার দপ্তরী হিসেবে কর্মরত ছিলেন। তার বিরুদ্ধে মাদ্রাসার সংরক্ষিত সরকারি বই ভাঙারির দোকানে বিক্রির অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে শহীদুল ইসলাম মাদ্রাসার একটি কক্ষ থেকে বিপুল পরিমাণ বই ভ্যানযোগে ভাঙারি দোকানে পাঠাচ্ছিলেন। এ সময় বিষয়টি স্থানীয় কয়েকজন যুবকের নজরে আসে এবং তারা ভিডিও ধারণ করলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।
অভিযোগ রয়েছে, বিষয়টি গোপন রাখার জন্য অভিযুক্ত দপ্তরী কয়েকজনকে অর্থের প্রলোভন দেখালেও তারা তা প্রত্যাখ্যান করে এলাকাবাসীকে জানিয়ে দেন।
পরে বাগবাড়ী গ্রামের লোকজন ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়ার কাছ থেকে ৪টি বস্তাভর্তি প্রায় ৩শ কেজি সরকারি বই উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন। উদ্ধারকৃত বইগুলো ২০২৪ ও ২০২৬ শিক্ষাবর্ষের বলে জানা গেছে।
ভাঙারি ব্যবসায়ী রফিকুল মিয়া জানান, মাদ্রাসার দপ্তরী শহীদুল ইসলাম তার কাছে বই বিক্রির প্রস্তাব দিলে তিনি ভ্যানযোগে বইগুলো কিনেছিলেন।
অভিযুক্ত শহীদুল ইসলাম এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, ঘটনাটি জানার পর উপজেলা নির্বাহী অফিসার ও পরিচালনা কমিটির সভাপতিকে অবহিত করা হয়েছে এবং জরুরি সভা আহ্বানের প্রস্তুতি চলছে।
দিরাই উপজেলা নির্বাহী অফিসার সনজীব সরকার জানান, সরকারি বই বিক্রির অভিযোগটি তদন্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ঘটনায় বাগবাড়ী গ্রামের বাসিন্দারা উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।