logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

জৈন্তাপুরে পুলিশের একদিনে তিনটি পৃথক অভিযান: ইয়াবা, বিদেশি মদ ও ফেন্সিডিল উদ্ধার, আটক ১

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩৬ পূর্বাহ্ন
জৈন্তাপুরে পুলিশের একদিনে তিনটি পৃথক অভিযান: ইয়াবা, বিদেশি মদ ও ফেন্সিডিল উদ্ধার, আটক ১

সিলেটের জৈন্তাপুর মডেল থানা পুলিশের পৃথক তিনটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এসব অভিযানে একজনকে আটক করেছে পুলিশ। একদিনে ধারাবাহিক এই অভিযানে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল ৫টা ৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযান পরিচালনা করা হয় জৈন্তাপুর সদরের পশ্চিম গৌরীশংকর এলাকায়। এ সময় শাকিল মিয়া (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর (তালা ফ্যাক্টরি) এলাকার আবুল হোসেনের ছেলে এবং বর্তমানে জৈন্তাপুরের আসামপাড়া আশ্রয়ন প্রকল্পে বসবাস করছিলেন।


তল্লাশিতে তার কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে পুলিশ। আইনশৃঙ্খলা বাহিনীর তথ্য অনুযায়ী, শাকিল এলাকায় চিহ্নিত ইয়াবা কারবারি হিসেবে পরিচিত এবং এর আগেও একাধিকবার মাদক মামলায় আটক হয়েছিলেন।


এর আগে একই দিন দুপুর ১২টা ৫ মিনিটে জৈন্তাপুরের আলুবাগান (দাউদাটিলা) এলাকায় আরেকটি অভিযান চালায় পুলিশ। এ সময় একটি পরিত্যক্ত ক্রাশার মিল ঘিরে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে অনিত্য নম (৩৪) নামের এক ব্যক্তি ঘটনাস্থল থেকে পালিয়ে যান।


পরে সেখানে ফেলে যাওয়া দুটি ব্যাগ তল্লাশি করে ২৩ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। এর মধ্যে ছিল ১১ বোতল রয়্যাল গ্রিন ডিলাক্স ব্লেন্ডেড হুইস্কি এবং ১২ বোতল এসি ব্ল্যাক পিওর গ্রেইন ডিলাক্স হুইস্কি। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য ৩৪ হাজার ৫০০ টাকা।


পুলিশ জানায়, ওই স্থানটি দীর্ঘদিন ধরে অবৈধ মাদক ও বিদেশি মদ মজুতের কাজে ব্যবহার করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পলাতক আসামিকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


এছাড়া শুক্রবার রাত ১০টা ৩৫ মিনিটে জৈন্তাপুরের বাংলা বাজার কেন্দ্রীয় নতুন ব্রিজ এলাকায় তৃতীয় অভিযান পরিচালনা করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দুই ব্যক্তি দুটি বস্তা ফেলে পালিয়ে যায়।


পরে ঘটনাস্থল থেকে বস্তা দুটি উদ্ধার করে তল্লাশি করলে ১২০ বোতল ফেন্সিডিল জাতীয় মাদক (সিরাপ) পাওয়া যায়। উদ্ধারকৃত এসব মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।


এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, পৃথক তিন ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে। আটক শাকিল মিয়াকে শনিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হবে।


তিনি আরও জানান, জৈন্তাপুর এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং কোনোভাবেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না।


একদিনে ধারাবাহিক এই তিনটি সফল অভিযানে স্থানীয় জনমনে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছে এলাকাবাসী।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14851
Page of