logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

১০ কোটি টাকা নিয়ে দুই ভাই উধাও, আদম ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ১৯ এপ্রিল ২০২৬ ০১:৩০ পূর্বাহ্ন
১০ কোটি টাকা নিয়ে দুই ভাই উধাও, আদম ব্যবসায়ীর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ

বিয়ানীবাজার প্রতিনিধি। 

সিলেটের বিয়ানীবাজার উপজেলায় ইটালী পাঠানোর নামে শতাধিক মানুষের কাছ থেকে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে আপন দুই ভাইয়ের উধাও হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং ভুক্তভোগীরা তাদের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেন।


অভিযোগ অনুযায়ী, উপজেলার জলঢুপ পাড়িয়াবহর এলাকার সফাত আলীর দুই ছেলে কাওছার হোসেন ও দেলোওয়ার হোসেন এই অর্থ লেনদেনের সঙ্গে জড়িত। কাওছার হোসেন বর্তমানে ইটালীতে অবস্থান করছেন এবং দেলোওয়ার হোসেন দেশে থেকে টাকা গ্রহণ করেন।


ভুক্তভোগীরা জানান, কাওছার হোসেন প্রথমে ১০–১২ জনকে কৃষি ভিসায় ইটালী নিয়ে যাওয়ার পর স্থানীয়দের মধ্যে তার মাধ্যমে ইউরোপ যাওয়ার আগ্রহ বাড়ে। পরে জনপ্রতি ১৪–১৫ লাখ টাকা নির্ধারণ করে শতাধিক ব্যক্তি তার ও তার ভাইয়ের কাছে টাকা প্রদান করেন। মোট অর্থের পরিমাণ ১০ কোটি টাকার বেশি বলে দাবি করেন তারা।


তবে দীর্ঘ ৪–৫ বছর পার হলেও অধিকাংশই বিদেশ যেতে না পারায় টাকা ফেরতের দাবিতে চাপ বাড়তে থাকে। একপর্যায়ে কাওছার হোসেন ইটালী থেকে অন্যত্র চলে যান এবং দেলোওয়ার হোসেনও আত্মগোপনে চলে যান বলে অভিযোগ।


শুক্রবার বিকেল থেকে ক্ষুব্ধ ভুক্তভোগীরা তাদের বাড়ি ঘেরাও করে টাকা ফেরতের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে রাতের দিকে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।


লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান, আগামী সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ভুক্তভোগী ও অভিযুক্তদের পরিবারের মধ্যে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হবে।


অন্যদিকে অভিযুক্ত দুই ভাইয়ের বাবা সফাত আলী দাবি করেন, ইটালী দূতাবাস ভিসা বন্ধ করে দেওয়ায় এবং নিয়োগ কর্তৃপক্ষকে অগ্রিম অর্থ প্রদানজনিত জটিলতায় তারা সমস্যায় পড়েছেন।


বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং উভয় পক্ষকে সমঝোতা বৈঠকের জন্য প্রস্তুত করা হয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14849
Page of