হাওরের সুরে মুখর সুনামগঞ্জ: জমকালো আয়োজনে ‘গীতিকার মিলনমেলা’
সুনামগঞ্জ প্রতিনিধি |
হাওর সংস্কৃতির রাজধানী খ্যাত সুনামগঞ্জ জেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘গীতিকার মিলনমেলা’। সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির উদ্যোগে আয়োজিত এ মিলনমেলায় জেলার গীতিকার ও বাউল শিল্পীদের প্রাণবন্ত উপস্থিতিতে দিনটি পরিণত হয় এক উৎসবমুখর সাংস্কৃতিক সমাবেশে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টায় জেলা শহরের অভিজাত রেস্টুরেন্ট হোটেল পিছ প্যালেস-এ আনন্দঘন পরিবেশে শুরু হয় এ আয়োজন, যা চলে দিনব্যাপী। শুরু থেকেই অংশগ্রহণকারীদের উচ্ছ্বাস, সুর ও কথার মেলবন্ধনে পুরো অনুষ্ঠানস্থল হয়ে ওঠে প্রাণচঞ্চল।
মিলনমেলার মধ্যাহ্নভোজ বিরতির পর অনুষ্ঠিত হয় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা গীতিকার সমিতির আহ্বায়ক গীতিকার নজরুল ইসলাম। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম, ঐক্য ও সাংগঠনিক শক্তি বৃদ্ধির নানা বিষয় নিয়ে আলোচনা হয়।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক গীতিকার আলী আকবর ও সদস্য সচিব গীতিকার ছামির আহমেদের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গীতিকার/বাউল শাহজাহান সিরাজ, যুগ্ম আহ্বায়ক গীতিকার দিলোয়ার শাহ, গীতিকার আসাদ আলী, গীতিকার মিজানুর রহমান মিজান, গীতিকার আশরাফুল আলম, গীতিকার ও সাংবাদিক রাজু আহমেদ রমজান, গীতিকার/বাউল আবুল কালাম, গীতিকার নুরুল আমিন চৌধুরী এবং গীতিকার/বাউল শরিফুল ইসলামসহ অনেকে।
আলোচনা সভায় সংগঠনের সাংগঠনিক কাঠামো শক্তিশালী করা, গীতিকারদের অধিকার রক্ষা এবং স্থানীয় সংস্কৃতিকে আরও বিকশিত করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
দিনব্যাপী এ আয়োজন শুধু একটি মিলনমেলা নয়, বরং সুনামগঞ্জের সমৃদ্ধ লোকসংস্কৃতি ও গানের ধারাকে এগিয়ে নেওয়ার এক মিলনমঞ্চে পরিণত হয়—এমনটাই মনে করছেন অংশগ্রহণকারী গীতিকার ও বাউল শিল্পীরা।