দিরাই পৌর নির্বাচনে মাঠে নামলেন রিপন, লক্ষ্য আধুনিক পৌরসভা
দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি |
সুনামগঞ্জের দিরাই পৌরসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক অঙ্গনে গতি এসেছে। এরই মধ্যে মেয়র পদে প্রার্থী হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন দিরাই সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আবুল হাসনাত রিপন।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে দিরাই পৌর শহরের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মার্কেট চত্বরে স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন। সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় রিপন বলেন, “দিরাই পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও নাগরিক বান্ধব পৌরসভায় রূপান্তর করাই আমার মূল লক্ষ্য।” তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে পৌরবাসী জলাবদ্ধতা, ভাঙাচোরা সড়কসহ নানা সমস্যায় ভুগছেন। নির্বাচিত হলে এসব সমস্যার স্থায়ী সমাধান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি জানান, পৌরবাসীর জন্য ওয়ান-স্টপ সার্ভিস চালু এবং সেবাগুলো ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। আধুনিক ড্রেনেজ ব্যবস্থার মাধ্যমে বর্ষা মৌসুমের জলাবদ্ধতা দূর করা হবে। পাশাপাশি ভাঙাচোরা রাস্তাঘাট সংস্কার ও পরিকল্পিত অবকাঠামো উন্নয়ন করা হবে। তিনি আরও বলেন, সন্ত্রাস ও মাদকমুক্ত একটি পরিচ্ছন্ন মডেল পৌরসভা গড়ে তোলা তার অঙ্গীকার।
রিপন উল্লেখ করেন, ছাত্রজীবন থেকেই তিনি সাধারণ মানুষের অধিকার আদায়ের আন্দোলনে সম্পৃক্ত ছিলেন। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে দিরাই পৌরসভার উন্নয়নে নিজেকে নিয়োজিত করতে চান।
সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং দিরাইয়ের উন্নয়নে গণমাধ্যমকর্মীদের গঠনমূলক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। একই সঙ্গে পৌরবাসীর দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে নির্বাচনে বিজয়ী হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।