ছেঁড়া-ফাটা নোট বদলে দিতে ব্যাংকগুলোকে নির্দেশ, না মানলে ব্যবস্থা: বাংলাদেশ ব্যাংক
জনসাধারণের সুষ্ঠু নগদ লেনদেন নিশ্চিত করতে দেশের সকল তফসিলি ব্যাংককে ছেঁড়া-ফাটা, ত্রুটিপূর্ণ ও ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময় সেবা নিয়মিতভাবে প্রদানের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১২ এপ্রিল ২০২৬) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কারেন্সি ম্যানেজমেন্ট (ইস্যু প্রশাসন শাখা) থেকে জারি করা ডিসিএম পরিপত্র নং-০১/২০২৬-এ এ নির্দেশনা দেওয়া হয়।
পরিপত্রে বলা হয়, বিগত নির্দেশনা সত্ত্বেও বাজারে ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে ৫, ১০, ২০ ও ৫০ টাকার ছোট মূল্যমানের নোট জনসাধারণের কাছ থেকে নিয়মিতভাবে গ্রহণ করে পুনঃপ্রচলনযোগ্য নোটের মাধ্যমে বিনিময়মূল্য প্রদানের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়, ব্যাংকের কোনো শাখা এ সেবা প্রদানে অনীহা দেখালে সংশ্লিষ্ট ব্যাংকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংক জানায়, “ক্লিন নোট পলিসি” বাস্তবায়নের অংশ হিসেবে এ নির্দেশনা জারি করা হয়েছে, যা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে অবিলম্বে কার্যকর হবে।