নকলমুক্ত পরীক্ষা ও শিক্ষা সংস্কারে কঠোর অবস্থান শিক্ষামন্ত্রীর
সিলেট।
দেশের শিক্ষা ব্যবস্থার গুণগত মান নিশ্চিত করতে আমূল সংস্কার, নকলমুক্ত পরীক্ষা ব্যবস্থা এবং আধুনিক ও বাস্তবমুখী শিক্ষা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (১৫ এপ্রিল) সিলেট নগরীর জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষ্যে সিলেট শিক্ষা বোর্ড এবং সিলেট অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে জনবল সংকট নিরসনে সরকার কাজ করছে এবং প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে বিপুল সংখ্যক শূন্য পদ দ্রুত পূরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষা প্রশাসনের ঘাটতি ও অদক্ষতা দূর করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, পরীক্ষায় নকলের ধরন এখন ডিজিটাল রূপ নিয়েছে। এ পরিস্থিতি মোকাবিলায় আইন আধুনিকায়ন করে নকলের সংজ্ঞা বিস্তৃত করা হচ্ছে, যাতে সকল ধরনের অনিয়ম এর আওতায় আসে। পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা নিশ্চিত করতে নমুনাভিত্তিক পর্যবেক্ষণ এবং পরীক্ষকদের কাজের মান যাচাইয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে।
এছাড়া ক্লাসরুম পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম মনিটরিং আরও জোরদার করার কথাও জানান তিনি।
মাদ্রাসা, ইংরেজি মাধ্যমসহ সব ধারার শিক্ষা প্রতিষ্ঠানে যোগ্য শিক্ষক নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী। তিনি বলেন, কারিগরি ও বাস্তবমুখী শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে এবং ভবিষ্যতে অবকাঠামো উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ ও কারিকুলাম আধুনিকায়নে সরকার অগ্রাধিকার দেবে।
সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী ও কয়ছর আহমদ, জেলা প্রশাসক মো. সারওয়ার আলম, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নূরুল হক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনোয়ার হোসেন চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।