নির্বাচনী ইশতেহারের ৫ লাখ নিয়োগ পরিকল্পনা: তথ্য পাঠাতে মন্ত্রণালয়গুলোকে নির্দেশ
সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রণীত কর্মপরিকল্পনায় ঘোষিত “স্বচ্ছতা ও দ্রুততার সাথে পাঁচ লক্ষ সরকারি কর্মচারী নিয়োগ” বাস্তবায়নের অংশ হিসেবে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগগুলোর কাছ থেকে বিস্তারিত তথ্য চেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১২ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা প্রশাসন-২ শাখার স্মারকে বলা হয়, মন্ত্রণালয়/বিভাগ, অধীন দপ্তর-সংস্থা এবং মাঠ পর্যায়ের অফিসসমূহে পিএসসি’র মাধ্যমে ও সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে প্রেরণ করতে হবে।
সূত্র অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনার আলোকে মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল ইতোমধ্যে প্রেরণ করা হয়েছে। সেই কর্মপরিকল্পনার অংশ হিসেবেই ৫ লাখ সরকারি কর্মচারী নিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে এই তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্মারকে আরও বলা হয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে প্রতিবেদন প্রশাসন-২ শাখায় (পিডিএফ ও ওয়ার্ড ফাইলসহ) পাঠাতে হবে এবং পিএসসির মাধ্যমে পূরণযোগ্য শূন্য পদের অধিযাচন আলাদাভাবে পাঠাতে হবে। পাশাপাশি প্রতি মাসের ৫ তারিখের মধ্যে নিয়মিত অগ্রগতি প্রতিবেদনও প্রেরণের নির্দেশ দেওয়া হয়েছে।
নির্দেশনা অমান্য না করতে সংশ্লিষ্ট সকল সিনিয়র সচিব ও সচিবকে অনুরোধ জানানো হয়েছে।