logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৬ মার্চ ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা: তুলে ধরলেন স্বাধীনতার প্রকৃত ইতিহাস

চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মার্চ ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৬ মার্চ ২০২৬ ০৬:৩০ অপরাহ্ন
রাজারবাগে শহিদ পুলিশ সদস্যদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা: তুলে ধরলেন স্বাধীনতার প্রকৃত ইতিহাস

ঢাকা | ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে রাজারবাগ পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদ পুলিশ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি স্বাধীনতার ঘোষণা ও দেশের সমসাময়িক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চের কালরাতে রাজারবাগ পুলিশ লাইনেই প্রথম গণহত্যা শুরু হয়েছিল এবং এখান থেকেই মূলত স্বাধীনতার ঘোষণার প্রেক্ষাপট তৈরি হয়। তিনি উল্লেখ করেন, রাজারবাগে পুলিশ বাহিনীর রক্তদানই ছিল প্রতিরোধের প্রথম ভিত্তি। তৎকালীন মেজর জিয়াউর রহমান এই গণহত্যার খবর পেয়েই চট্টগ্রামে বিদ্রোহ করেন এবং ২৬ মার্চ প্রথম প্রহরে স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে ২৭শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে তিনি আনুষ্ঠানিকভাবে স্বাধীনতার ঘোষণা দিয়ে বিশ্ববাসীর সমর্থন কামনা করেন। একেই তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ‘প্রকৃত ইতিহাস’ বলে অভিহিত করেন।

ব্রিফিংয়ে মন্ত্রী ভারত থেকে ওসমান হাদি হত্যা মামলার আসামিদের হস্তান্তরের বিষয়ে জানান, বন্দি বিনিময় চুক্তি (Extradition Treaty) অনুযায়ী তাদের ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে কূটনৈতিক চ্যানেলে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে এবং এই প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে।

পুলিশ সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, পুলিশ বাহিনীকে আরও সমৃদ্ধ ও আধুনিক করতে বিশ্বের বিভিন্ন উন্নত রাষ্ট্রের কাছ থেকে কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের বিষয়ে আলোচনা চলছে। বিশেষ করে গতকাল সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সাথে এ বিষয়ে ফলপ্রসূ কথা হয়েছে বলে তিনি জানান।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, আইজিপি মোঃ আলী হোসেন ফকির এবং ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মোঃ সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধ ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/14339
Page of