জৈন্তাপুরে রাংপানি নদীতে টাস্কফোর্সের অভিযান, ৮,হাজার ঘনফুট বালু ও পেলুডার জব্দ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করা হয়েছে। একই সঙ্গে অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করা হয়।
রোববার (৩০ আগস্ট) দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার ২ নম্বর জৈন্তাপুর ইউনিয়নের ৪ নম্বর বাংলাবাজার এলাকায় রাংপানি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের সঙ্গে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পুলিশ সদস্যরা সহযোগিতা করেন। স্থানীয়ভাবে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত একটি পেলুডার জব্দ করে জিম্মায় দেওয়া হয়। পাশাপাশি নদী থেকে অবৈধভাবে উত্তোলন করা ৮ হাজার ২১৩ ঘনফুট বালু জব্দ করা হয়।
পরে বিধিমোতাবেক জব্দকৃত বালু স্পট নিলামের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। নিলামে বালু ক্রয়কারীকে জব্দকৃত বালু অপসারণের জন্য দুই দিনের সময় দেওয়া হয়েছে।
এর আগে গত ২৪ আগস্টও রাংপানি নদীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান চালিয়ে ১০টি বারকি নৌকা জব্দ ও বিনষ্ট করা হয়েছিল।
প্রশাসন জানিয়েছে, নদী ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারি সম্পদ ও পরিবেশের ক্ষতি করে কেউ অবৈধভাবে বালু উত্তোলন করলে তার বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।