logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ২৯ আগস্ট ২০২৬ ০১:৩২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
৪ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসে শুরু তিন দিনব্যাপী সম্মেলন

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

চ্যানেল জৈন্তা নিউজ ২৯ আগস্ট ২০২৬ ০১:৩২ পূর্বাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ২৯ আগস্ট ২০২৬ ০১:৩২ পূর্বাহ্ন
৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রবাসী কল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে অনুষ্ঠিতব্য উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন ‘৪০তম ফোবানা কনভেনশন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।


শনিবার (২৯ আগস্ট) রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাঁর যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।


আগামী ৪ থেকে ৬ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ৪০তম ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে ক্যালিফোর্নিয়ার ইউনিভার্সাল সিটিতে অবস্থিত ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ সম্মেলনে যুক্তরাষ্ট্র ও কানাডার বিভিন্ন অঙ্গরাজ্য থেকে বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতা, ব্যবসায়ী ও সংস্কৃতিকর্মীর অংশ নেওয়ার কথা রয়েছে।


সফরসূচি অনুযায়ী, সম্মেলনের প্রথম দিন ৪ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল ৫টায় ইউনিভার্সাল হিলটন কনভেনশন হলে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে লস অ্যাঞ্জেলেসে বাংলাদেশের কনসাল জেনারেল, হোস্ট কমিটি ও ফোবানা নির্বাহী কমিটির নেতৃবৃন্দও বক্তব্য দেবেন। পরে রাত ৯টায় নৈশভোজের আয়োজন রয়েছে।


সফরের দ্বিতীয় দিন ৫ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের মেয়রের সঙ্গে বিশেষ বিজনেস লাঞ্চে অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। এ আয়োজনে ব্যবসায়ী নেতা ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অ্যাওয়ার্ড প্রদান ও আলোচনা অনুষ্ঠিত হবে।


একই দিন সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ও অ্যাওয়ার্ড প্রদান পর্ব অনুষ্ঠিত হবে। এতে মন্ত্রী আরিফুল হক চৌধুরী ছাড়াও উত্তর আমেরিকা ও কানাডার ফোবানা নেতৃবৃন্দ বক্তব্য দেবেন।


এবারের ফোবানা সম্মেলনে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা এবং শ্রমবাজারসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে বলে জানা গেছে। সফরকালে মন্ত্রী যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন সামাজিক অনুষ্ঠানেও তাঁর অংশ নেওয়ার কথা রয়েছে।


চার দশকে পদার্পণ করা এবারের ফোবানা সম্মেলনকে ঘিরে আয়োজকদের ব্যাপক প্রস্তুতি চলছে। আয়োজকদের তথ্যমতে, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সম্মেলনে বিভিন্ন বিষয়ভিত্তিক সেমিনার, ব্যবসায়িক নেটওয়ার্কিং, স্বাস্থ্যসেবা, নারী উদ্যোক্তা কর্মশালা, বইমেলা, সাহিত্য ও কবিতা আসর, যুব ফোরাম, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা, ট্যালেন্ট ও ফ্যাশন শো এবং শিক্ষার্থীদের জন্য ফোবানা স্কলারশিপসহ নানা আয়োজন থাকছে।


আয়োজক সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া (বিএসি) এবং ফোবানা নির্বাহী কমিটির নেতারা জানিয়েছেন, চার দশকের মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবারের সম্মেলনকে বিশেষভাবে সাজানো হচ্ছে।


উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ফোবানা লস অ্যাঞ্জেলেস কনভেনশন ২০২৬-এর হোস্ট কমিটির নেতারা মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান। পরে তিনি সম্মেলনে যোগ দেওয়ার সম্মতি দেন।


সফর শেষে আগামী ৮ সেপ্টেম্বর মন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17284
Page of