আগামীকাল সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আগামীকাল মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় সফরে সিলেট আসছেন। তাঁর সফরকে কেন্দ্র করে সিলেটে একাধিক কর্মসূচি রয়েছে।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে সিলেটের উদ্দেশ্যে রওনা দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী। সকাল ১১টা ২০ মিনিটে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সেখান থেকে সরাসরি সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে যাবেন তিনি।
সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে পৌঁছে চা-বিরতির পর দুপুর ১২টা ১০ মিনিটে বহুল প্রতীক্ষিত ‘Shimanto School of Surveillance and Drone Warfare (SSSDW)’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি স্থিরচিত্র পর্বে অংশ নেওয়ার পাশাপাশি ড্রোন প্রদর্শনী উপভোগ করবেন।
সফরকালে বিকেলে সিলেট সার্কিট হাউসে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উন্নয়ন সংক্রান্ত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে মন্ত্রীর। সভায় জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, চলমান উন্নয়ন কার্যক্রম এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে।
সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী কর্মসূচি শেষে মঙ্গলবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে প্রকাশিত সফরসূচিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।