সিলেটে ২৮ লাখ টাকার ভারতীয় বিস্কুট-চকলেটসহ মিনি কাভার্ড ভ্যান আটক, গ্রেপ্তার ১
সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) ট্রাফিক পুলিশের অভিযানে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের বিস্কুট, এনার্জি ড্রিংকস ও চকলেটসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করা হয়েছে। এ সময় রহমত আলী (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দাবি, আটক করা পণ্য ও মিনি কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ২৮ লাখ ৭৯ হাজার ৪০ টাকা।
শনিবার (২৯ আগস্ট) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা বাজার এলাকার ন্যাশনাল টি গার্ডেনের দক্ষিণ পাশে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, সার্জেন্ট মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্সসহ সেখানে ট্রাফিক ডিউটিতে ছিলেন। এ সময় ঢাকা মেট্রো-ম-৫৫-১৩২৩ নম্বরের একটি মিনি কাভার্ড ভ্যানের কাগজপত্র যাচাই-বাছাই ও গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য পাওয়া যায়।
আটক পণ্যের মধ্যে রয়েছে ৮০ কার্টন ভারতীয় বিস্কুট, ৮ কার্টন ভারতীয় Red Bull Energy Drinks, ১৩ কার্টন স্নেকসি চকলেট, ৮ বক্স ভারতীয় KitKat চকলেট এবং ৬ বক্স ভারতীয় Dark Chocolate।
অভিযানে পণ্য বহনকারী মিনি কাভার্ড ভ্যানসহ রহমত আলীকে আটক করা হয়। তিনি সিলেটের গোয়াইনঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার মো. হাছন আলীর ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় ২৯ আগস্ট মামলা নম্বর-২৭ দায়ের করা হয়েছে। মামলাটি The Special Powers Act, 1974-এর Section 25B(1)(b) ধারায় রুজু করা হয়।
পরে গ্রেপ্তার রহমত আলীকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এসএমপি ট্রাফিক পুলিশ জানিয়েছে, সড়কে দায়িত্ব পালনের সময় নিয়মিত তল্লাশি ও কাগজপত্র যাচাইয়ের অংশ হিসেবে ওই গাড়িতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ভারতীয় পণ্যগুলো পাওয়া গেলে তা জব্দ করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।