logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ৩১ আগস্ট ২০২৬ ০১:৪২ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
ছাতক সমিতি সিলেটের ‘মেধার জয়োল্লাস-২০২৬’-এ ৬০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী সংবর্ধিত

কৃতি শিক্ষার্থীরাই গড়বে মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ: জেলা প্রশাসক

চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০১:৪২ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ৩১ আগস্ট ২০২৬ ০১:৪২ পূর্বাহ্ন
কৃতি শিক্ষার্থীরাই গড়বে মেধাভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, কৃতি শিক্ষার্থীরাই আগামীর মেধাভিত্তিক ও বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক গুণাবলি ও নৈতিক আদর্শে বলীয়ান দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।


তিনি বলেন, আজকের অর্জন শিক্ষার্থীদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, একাগ্রতা এবং অভিভাবকদের ত্যাগের ফসল। জিপিএ-৫ পাওয়া অবশ্যই আনন্দের, তবে এখানেই থেমে গেলে চলবে না। এটি দীর্ঘ শিক্ষাজীবনের একটি ধাপ মাত্র। আসল চ্যালেঞ্জ শুরু হবে এখন থেকে। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে শিক্ষক ও বাবা-মায়ের কথা মেনে নিজেদের স্বপ্নের লক্ষ্যে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।


শনিবার (২৯ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ‘মেধার স্বীকৃতি, আগামীর অনুপ্রেরণা—হোক স্বপ্নপূরণের দৃঢ় অঙ্গীকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে ছাতক সমিতি সিলেটের উদ্যোগে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও ‘মেধার জয়োল্লাস-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 


ছাতক সমিতি সিলেটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির সভাপতি ও ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা এবং সাবেক সভাপতি নাসিম হোসাইন, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুদ রানা, জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা অধ্যক্ষ ছানাওর আলী কয়েছ, ভাতগাঁও আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষাবিদ শামীম আহমদ, সমিতির উপদেষ্টা ও সাবেক সভাপতি আ ন ম ওহিদ কনা মিয়া, উপদেষ্টা রুহুল ফারুক এবং সহসভাপতি অধ্যক্ষ সালেহ আহমদ। 


‘কৃতি শিক্ষার্থী সংবর্ধনা মেধার জয়োল্লাস-২৬’ উপকমিটির আহ্বায়ক এ. টি. এম. তারেকের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান পরিচালনা করেন ছাতক সমিতি সিলেটের সাধারণ সম্পাদক মো. ছাদিকুর রহমান ছাদিক। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক রিয়াজ আল মামুন।


বিশেষ অতিথির বক্তব্যে নাসিম হোসাইন বলেন, ছাতক অঞ্চলের শিক্ষার্থীরা দেশ-বিদেশে তাদের মেধার স্বাক্ষর রেখে চলেছে। এ ধরনের আয়োজন তরুণদের মধ্যে ইতিবাচক প্রতিযোগিতা ও অনুপ্রেরণা সৃষ্টি করবে। তিনি শিক্ষার্থীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে মেধা ও সততার মাধ্যমে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য নিজেদের প্রস্তুত করার আহ্বান জানান।


অনুষ্ঠানে ছাতক সমিতি সিলেটের উপদেষ্টা, সহসভাপতি, নির্বাহী সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও বিভিন্ন বিষয়ভিত্তিক সম্পাদকসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা ও মিষ্টিমুখ করিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাঁদের হাতে সম্মাননা সনদ, নগদ অর্থ ও আকর্ষণীয় উপহার তুলে দেন অতিথিরা। 


শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষাবিদ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি ও উৎসাহ প্রদান তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে অনুপ্রেরণা জোগাবে।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17323
Page of