logo
চ্যানেল জৈন্তা নিউজ
জাতীয় ৩০ আগস্ট ২০২৬ ০৫:১১ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
জনশক্তি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা-স্বাস্থ্য ও বাণিজ্যে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় সরকার

চ্যানেল জৈন্তা নিউজ ৩০ আগস্ট ২০২৬ ০৫:১১ অপরাহ্ন জাতীয়
চ্যানেল জৈন্তা নিউজ ৩০ আগস্ট ২০২৬ ০৫:১১ অপরাহ্ন
বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্ক আরও উচ্চতায় নিতে চায় সরকার

ঢাকা, ৩০ আগস্ট ২০২৬ (বাসস):

বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে সরকার আগ্রহী বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। দুই দেশের মধ্যে জনশক্তি রপ্তানি, নবায়নযোগ্য জ্বালানি, অবকাঠামো, শিক্ষা, স্বাস্থ্য ও বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।


রোববার (৩০ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা বিন ওসমানের সঙ্গে এক বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।


বৈঠকের শুরুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া সফরের প্রসঙ্গ তুলে ধরে সফরটি সফল হওয়ায় সন্তোষ প্রকাশ করেন মালয়েশিয়ার হাইকমিশনার। পরে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন উভয় পক্ষ।


বৈঠকে বিশেষ গুরুত্ব পায় বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি এবং দেশটিতে কর্মরত অনিবন্ধিত শ্রমিকদের নিবন্ধনের বিষয়টি। পাশাপাশি বাংলাদেশের প্রকৌশলীদের মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি নিয়েও আলোচনা হয়।


দুই দেশের যৌথ উদ্যোগে হাসপাতাল নির্মাণ, বাংলাদেশি শিক্ষার্থীদের মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ বৃদ্ধি এবং নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে খেলাধুলার সামগ্রী উৎপাদনে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা নিয়েও আলোচনা হয়েছে।


এ ছাড়া ইলেকট্রিক গাড়ি আমদানি, নির্মাণ খাত এবং হালাল ফুডসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বিষয়টি আলোচনায় উঠে আসে।


বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও কার্যকর ও বিস্তৃত অর্থনৈতিক অংশীদারত্বে রূপ দেওয়ার বিষয়ে উভয় পক্ষ আগ্রহ প্রকাশ করে।


বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17308
Page of