গোয়াইনঘাটের রাতারগুলে সোহেল স্কয়ার রিসোর্টে রনজিত সরকারের গোপন সভা, শিক্ষা সফরের নামে ভাড়া
সিলেট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুলে ‘সোহেল স্কয়ার-ইকো রিসোর্টে’ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক ও সুনামগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য রনজিত সরকার দলীয় নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন। শিক্ষা সফরের কথা বলে রিসোর্টটি ভাড়া নেওয়া হলেও সেখানে আওয়ামী লীগের সভার আয়োজন করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন সভাস্থল শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, রনজিত সরকারের ফেসবুক পেজে প্রকাশিত সভার ভিডিও ছড়িয়ে পড়ার পর এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়। সভাটি কোথায় অনুষ্ঠিত হয়েছে, তা নিয়ে সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকার নাম আলোচনায় আসে।
এ ঘটনায় ভিডিওতে উপস্থিত থাকা তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়াকে মঙ্গলবার সকাল ৭টার দিকে সুনামগঞ্জ শহরের সাহেববাড়ি ঘাট এলাকা থেকে আটক করে সদর থানা-পুলিশ। মোবাইল ফোনের অবস্থান শনাক্তকরণ প্রযুক্তি ব্যবহার করে তাঁকে আটক করা হয় বলে জানা গেছে।
পরে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে তারা মিয়া জানান, রনজিত সরকার সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের রাতারগুলে এ সভা করেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সুনামগঞ্জ পুলিশের একটি দল তাঁকে সঙ্গে নিয়ে রাতারগুলে যায় এবং সোহেল স্কয়ার-ইকো রিসোর্টকে সভাস্থল হিসেবে শনাক্ত করে।
সুনামগঞ্জের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, গত ৮ নভেম্বর একজন আইনজীবী শিক্ষা সফরের কথা বলে রাতারগুলের সোহেল স্কয়ার-ইকো রিসোর্ট ভাড়া নেন। সেখানে প্রথমে শিক্ষা সফরের ব্যানার টাঙানো হয়। পরে রনজিত সরকার সেখানে উপস্থিত হয়ে আওয়ামী লীগের ব্যানার টাঙিয়ে কয়েক মিনিট বক্তব্য দিয়ে চলে যান।
এর আগে সোমবার (৯ নভেম্বর) বিকেল ৪টা ৪৯ মিনিটে নিজের ফেসবুক আইডিতে সভার বক্তব্যের একটি ভিডিও প্রকাশ করেন রনজিত সরকার। ভিডিওতে তাঁকে নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দিতে দেখা যায়। এ সময় ব্যানার ধরে থাকা ব্যক্তিদের মধ্যে তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তারা মিয়া ও জামালগঞ্জ উপজেলা ছাত্রলীগের নেতা ওমর ফারুককে দেখা যায়।
ব্যানারে লেখা ছিল, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে। দেশরত্ন শেখ হাসিনার প্রত্যাবর্তন উপলক্ষে মতবিনিময় সভা।’ আয়োজক হিসেবে তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নাম উল্লেখ করা হয়।
এদিকে, সভার ভিডিও প্রকাশের পর সোমবার দিবাগত রাতে সিলেট নগরের গোপালটিলায় রনজিত সরকারের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
সভাস্থল শনাক্তের আগে সিলেট ও সুনামগঞ্জের পুলিশ কর্মকর্তাদের বক্তব্যে স্থান নিয়ে ভিন্নতা দেখা দিয়েছিল। সুনামগঞ্জের পুলিশ সুপার জানিয়েছিলেন, সুনামগঞ্জ সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা থাকায় ওই সীমান্ত দিয়ে তাঁর প্রবেশের সুযোগ নেই। অন্যদিকে, সিলেটের পুলিশ সুপার বলেছিলেন, সভাটি সিলেটের সীমান্ত এলাকায় হয়নি; সুনামগঞ্জের সীমান্তবর্তী কোনো এলাকায় হতে পারে।
পরে তারা মিয়ার দেওয়া তথ্যের ভিত্তিতে গোয়াইনঘাটের রাতারগুলে সভাস্থল শনাক্তের কথা জানায় সুনামগঞ্জ পুলিশ।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন সাবেক সংসদ সদস্য রনজিত সরকার। এর মধ্যে তিনি কিছুদিন যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন বলেও বিভিন্ন সূত্রে জানা গেছে।