logo
চ্যানেল জৈন্তা নিউজ
বিনোদন ১১ নভেম্বর ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

বিয়ের সাজে হাতে পিস্তল, রহস্যের আড়ালে ফারিণের নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’

চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন বিনোদন
চ্যানেল জৈন্তা নিউজ ১১ নভেম্বর ২০২৬ ০২:২৭ পূর্বাহ্ন
বিয়ের সাজে হাতে পিস্তল, রহস্যের আড়ালে ফারিণের নতুন সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’

বিনোদন প্রতিবেদক:

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ, হাতে পিস্তল। তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিন তরুণ, তাঁদের হাতেও বন্দুক। সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা কৌতূহল। বিয়ের সাজে ফারিণের হাতে অস্ত্র কেন? তাঁর পাশে থাকা বন্দুকধারী তরুণরাই বা কারা?


তবে ছবিগুলো কোনো বাস্তব ঘটনার নয়। নতুন একটি ওয়েব সিরিজের চরিত্রের লুক হিসেবে প্রকাশ করা হয়েছে এসব ছবি। সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’। এটি নির্মাণ করছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি।


মঙ্গলবার (১০ নভেম্বর) সিরিজটির আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে চরকি। সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত এবং চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।


এতে তাসনিয়া ফারিণের সঙ্গে অভিনয় করছেন এরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখ। এ ছাড়া গুরুত্বপূর্ণ কয়েকটি চরিত্রে রয়েছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।


সিরিজটিতে ফারিণের চরিত্রের নাম ক্যামেলিয়া। নিজের চরিত্র সম্পর্কে অভিনেত্রী জানান, নামের মতো চরিত্রটিও ব্যতিক্রমী। সিরিজটি ডার্ক কমেডি ঘরানার এবং তাঁর চরিত্রেও রয়েছে বেশ কিছু অন্ধকার দিক। অভিনয়জীবনে এবারই প্রথম কমেডি ঘরানার চরিত্রে কাজ করছেন তিনি।


নতুন এই কাজ বেছে নেওয়ার কারণ জানিয়ে ফারিণ বলেন, ওটিটিতে থ্রিলার ও খুনের রহস্য নিয়ে অনেক কাজ হচ্ছে। তাই এবার একটু ভিন্ন স্বাদের ডার্ক কমেডিতে অভিনয় করতে চেয়েছেন। এতে দর্শকেরা নতুন অভিজ্ঞতা পাবেন বলে তাঁর প্রত্যাশা।


নির্মাতা ইমরাউল রাফাত জানান, সিরিজটির গল্পে রয়েছে একাধিক স্তর ও অপ্রত্যাশিত মোড়। প্রতিটি পর্বে দর্শকের আগ্রহ ধরে রাখার মতো উপাদান রাখার চেষ্টা করা হয়েছে। ডার্ক কমেডি তাঁর পরিচিত ঘরানা হওয়ায় কাজটি নিয়ে তিনি আশাবাদী।


অভিনেতা এরফান মৃধা শিবলু জানিয়েছেন, সিরিজে তাঁর চরিত্রটি একেক সময় একেক রকম রূপ ধারণ করে। গল্পে পারিবারিক আবহও রয়েছে, যা তাঁর কাছে বিশেষভাবে ভালো লেগেছে। অন্যদিকে পার্থ শেখের চরিত্রেও রয়েছে ভিন্নতা ও মনস্তাত্ত্বিক নানা স্তর।


চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ওটিটিতে ডার্ক থ্রিলার ও মিস্ট্রি ঘরানার কাজ নিয়মিত দেখা গেলেও ডার্ক কমেডি তুলনামূলক কম। সেই জায়গা থেকেই নতুন ঘরানার এই সিরিজ দর্শকদের সামনে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।


চরকি জানিয়েছে, ‘ডাকাতিয়া বাঁশি’ শিগগিরই মুক্তি পেতে পারে। তবে এখনো মুক্তির নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18856
Page of