সারা দেশে চলছে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, সুবিধা পাবেন পরিবারের জ্যেষ্ঠ নারীরা
অনলাইন ডেস্ক :
দেশের সর্বজনীন সামাজিক নিরাপত্তা কর্মসূচি ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশে তথ্য সংগ্রহ কার্যক্রম চলছে বলে জানিয়েছেন নারী ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, প্রতি পাঁচ সদস্যের পরিবারের বয়োজ্যেষ্ঠ নারীর নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে। এ কার্ডের মাধ্যমে পাওয়া অর্থ নারীরা শুধু পারিবারিক খরচ ও সন্তানদের লেখাপড়ার জন্যই নয়, বরং বসতবাড়ির আঙিনায় কৃষিকাজ এবং ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেদের গড়ে তুলতেও ব্যবহার করতে পারবেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নারী অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নেওয়া এ কর্মসূচি সরকারের অন্তর্ভুক্তিমূলক নারী উন্নয়ন নীতির প্রতিফলন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও ফ্রান্সের পারস্পরিক সহযোগিতা জোরদার, বিনিয়োগ, নারীর ক্ষমতায়ন, নারীর অধিকার সুরক্ষা, ফ্যামিলি কার্ড এবং নারী ও শিশুদের টেকসই উন্নয়নসহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা হয়। এ সময় নারী ও শিশুবিষয়ক সচিব ড. রওশন আরা বেগম উপস্থিত ছিলেন।
এদিকে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে বিভিন্ন ভাতার আওতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান সমাজকল্যাণমন্ত্রী। তাঁদের নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে বিভিন্ন সরকারি-বেসরকারি ভবনে র্যাম্প স্থাপন এবং ওয়াশরুমগুলো ব্যবহার উপযোগী করে গড়ে তুলতেও কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সাক্ষাৎকালে ফ্রান্সের রাষ্ট্রদূত বাংলাদেশে নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন এবং সুবিধাবঞ্চিত শিশুদের সুরক্ষায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমের প্রশংসা করেন।
এ সময় রাষ্ট্রদূত আগামী ২৫ নভেম্বর ঢাকায় ফরাসি দূতাবাসে ফরাসি উন্নয়ন সংস্থার (এএফডি) উদ্যোগে ‘ফেমিনিস্ট ফরেন পলিসি প্লাস (এফএফপি+) লোকাল গ্রুপ’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিতে মন্ত্রীকে আমন্ত্রণ জানান।
উল্লেখ্য, নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সরকারের এ ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে।