ছয় বছর পর স্ত্রী হত্যা মামলা থেকে খালাস পেলেন সাংবাদিক অনুজ কান্তি দাশ
শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
দীর্ঘ ছয় বছর ধরে চলা বিচারিক প্রক্রিয়া শেষে স্ত্রী হত্যা মামলার অভিযোগ থেকে খালাস পেয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাংবাদিক অনুজ কান্তি দাশ। মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রবিউল আউয়াল এ রায় ঘোষণা করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী মো. সানোয়ার হোসেন এবং রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) মো. আব্দুল মতিন চৌধুরী।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১ ডিসেম্বর অনুজ কান্তি দাশের স্ত্রী অনিতা রানী দাশ অসুস্থতাজনিত কারণে সিলেটের জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। অনুজ কান্তি দাশ শ্রীমঙ্গল উপজেলার বাসিন্দা এবং দৈনিক ইত্তেফাকের সাবেক সাংবাদিক।
স্ত্রীর মৃত্যুর ঘটনায় তাঁর বাবা দিলীপ দাশ বাদী হয়ে অনুজ কান্তি দাশের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। পরবর্তী সময়ে মামলাটি আদালতে বিচারাধীন থাকে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে মঙ্গলবার মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালত মামলাটির রায় ঘোষণা করেন। আদালতের রায়ে সাংবাদিক অনুজ কান্তি দাশকে হত্যা মামলার অভিযোগ থেকে খালাস দেওয়া হয়।
এ রায়ের মধ্য দিয়ে প্রায় ছয় বছর ধরে চলা আলোচিত স্ত্রী হত্যা মামলার বিচারিক কার্যক্রমের অবসান হলো।