কুলাউড়া সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, এসআরবি-৯-এর অভিযানে আটক ৮
মৌলভীবাজার: মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৯। আটক ব্যক্তিদের মধ্যে দুজন স্থানীয় এবং অপর ছয়জন গোপালগঞ্জ জেলার বাসিন্দা।
সোমবার (২ নভেম্বর) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জরপুর এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। বুধবার (৪ নভেম্বর) দুপুরে এসআরবি-৯-এর গণমাধ্যম শাখা বিষয়টি নিশ্চিত করে।
আটক ব্যক্তিরা হলেন—কুলাউড়ার সঞ্জরপুর গ্রামের মো. হারিছ আলী (৩৫) ও আবুল আলী (৪৫)। অন্যরা হলেন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার আমিনুর শরীফ (৪২), মো. মফিজুর শিকদার (৪৩), কামরুল মোল্যা (৪৬), ইয়ামিন মোল্যা (৪৫), সুখলাল বিশ্বাস (৪১) এবং গোপালগঞ্জ সদর উপজেলার মো. জিহাদ সরদার (৪০)।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার সঞ্জরপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বৈধ পাসপোর্ট, ভিসা ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই ভারতে যাওয়ার উদ্দেশ্যে অবস্থান করছিলেন ওই আট ব্যক্তি। তাঁদের কাছে ভারতে যাওয়ার বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি।
এসআরবি আরও জানায়, আটক ব্যক্তিদের মধ্যে হারিছ আলী ও আবুল আলী অপর ছয়জনকে কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যেতে সহযোগিতা করছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পরে আটক আটজনকে কুলাউড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কেএম শহিদুল ইসলাম সোহাগ আটজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।