প্যারিসে বাংলা সাহিত্য-সংস্কৃতির মিলনমেলা, ৩০ লেখকের অংশগ্রহণে আন্তর্জাতিক বইমেলা
মো. জুনেদ আহমদ, ফ্রান্স: প্রবাসের মাটিতে বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বিস্তৃত করার প্রত্যয়ে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’। লেখক, কবি, সাহিত্যিক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী বাঙালিদের এক প্রাণবন্ত মিলনমেলায়।
রোববার (১ নভেম্বর) প্যারিসের একটি অভিজাত হলরুমে আয়োজিত এ বইমেলায় ফ্রান্সসহ ইউরোপের বিভিন্ন দেশ ও বাংলাদেশ থেকে প্রায় ৩০ জন লেখক অংশ নেন। মেলায় ছিল ২৫টি স্টল। সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন, কবিতাপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজনদের সম্মাননা প্রদানসহ নানা আয়োজনে মুখর ছিল পুরো অনুষ্ঠানস্থল।
বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এমদাদুল হক স্বপ্নের পরিচালনায় জাতীয় সংগীত পরিবেশনের পর ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্যারিস টাইমসের স্বত্বাধিকারী কাজী নিধি উল্লাহ আনুষ্ঠানিকভাবে বইমেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থেকে আগত লেখক হাসানুজ্জামান রিপন এবং প্যারিস টাইমসের প্রধান পৃষ্ঠপোষক কাজী এনায়েত উল্লাহ। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও নৌ-কমান্ডো এনামুল হক।
সাহিত্য, সংস্কৃতি ও বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান করে প্যারিস টাইমস। সম্মাননাপ্রাপ্তরা হলেন—হাসানুজ্জামান রিপন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, কবি রবিশঙ্কর মৈত্রী, আরিফ রানা, লোকমান আহম্মদ আপন, রিয়াজ আহমেদ জুয়েল, প্রকাশ রায় ও সোয়েব মোজাম্মেল। এ ছাড়া বইমেলায় অংশগ্রহণকারী সব স্টল উদ্যোক্তাকে প্রশংসাপত্র দেওয়া হয়।
বইমেলার অন্যতম আকর্ষণ ছিল কবিতাপাঠ ও সাহিত্য আলোচনা। কবি রবিশঙ্কর মৈত্রীর পরিচালনায় কবিতার আসরে ফ্রান্সের বিভিন্ন কবি তাঁদের স্বরচিত কবিতা পাঠ করেন। পাশাপাশি লেখকেরা নিজেদের সাহিত্যকর্ম উপস্থাপন করেন এবং সাতজন লেখকের নতুন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
রোমানা মনসুর ও আল আমিনের পরিচালনায় সাংস্কৃতিক সন্ধ্যায় সংগীত পরিবেশন করেন জাকারিয়া, কাজী আরিফ রানা, শাহাদাত হোসেন রনি ও ইমতিয়াজ আহমেদ। এ ছাড়া শিশু-কিশোরদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত সার্জি-লে-গোনেসের কাউন্সিলর তানিয়া তুনু। এ ছাড়া উপস্থিত ছিলেন সুব্রত ভট্টাচার্য শুভ, সেলিম রেজা, শাজাহান শারু, মিজান সরকার, হাসনাত জামান, ওবায়দুল ইসলাম রিয়াদ, আজম খান, হাফিজুর রহমান ও আলী আক্কাসসহ ফ্রান্সের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সাহিত্য সংগঠনের প্রতিনিধিরা।
বক্তারা বলেন, প্রবাসে বাংলা ভাষা ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখা এবং নতুন প্রজন্মের কাছে মাতৃভাষার ইতিহাস, ভাষা আন্দোলনের তাৎপর্য ও মহান মুক্তিযুদ্ধের চেতনা পৌঁছে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বইমেলা কেবল বই প্রদর্শন বা কেনাবেচার স্থান নয়; এটি ভাষা, সাহিত্য ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণেরও একটি কার্যকর মাধ্যম।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশ, নতুন লেখক ও পাঠকদের উৎসাহিত করা এবং ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত বাংলা ভাষাভাষীদের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন গড়ে তোলাই এ আয়োজনের মূল লক্ষ্য।
অনুষ্ঠানের শেষ পর্বে ভাষা আন্দোলনের স্মৃতিবিজড়িত কালজয়ী গান ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ পরিবেশনের মধ্য দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে প্যারিস টাইমসের প্রধান উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী, লেখক ও সংগঠক কাজী এনায়েত উল্লাহ সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন।
প্রায় ৩০ জন লেখকের অংশগ্রহণ, ২৫টি স্টল, নতুন বইয়ের মোড়ক উন্মোচন, গুণীজনদের সম্মাননা এবং সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে দ্বিতীয় ‘প্যারিস টাইমস আন্তর্জাতিক বইমেলা ২০২৬’ প্রবাসে বাংলা সাহিত্য ও সংস্কৃতির বিকাশে একটি উল্লেখযোগ্য উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।