logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ১৩ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
আশরাফ মিয়া সাধারণ সম্পাদক, হেলেন ইসলাম কোষাধ্যক্ষ; সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অধিকার আদায়ে ঐক্যবদ্ধভাবে কাজের অঙ্গীকার

লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন, নেতৃত্বে মকিস মনসুর

চ্যানেল জৈন্তা নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ১৩ অক্টোবর ২০২৬ ১২:১৬ অপরাহ্ন
লন্ডনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় সম্মেলন, নেতৃত্বে মকিস মনসুর

লন্ডন: যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর ঐক্য, সম্প্রীতি ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১১ অক্টোবর) পূর্ব লন্ডনের দ্য অ্যাট্রিয়াম হলে আয়োজিত এ সম্মেলনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে প্রায় ৪০০ প্রতিনিধি, অতিথি ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।


সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব ঘোষণা করা হয়। এতে মোহাম্মদ মকিস মনসুরকে প্রেসিডেন্ট, আশরাফ মিয়াকে জেনারেল সেক্রেটারি এবং হেলেন ইসলামকে ট্রেজারার নির্বাচিত করা হয়েছে বলে আয়োজকদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের ফাউন্ডার্স কনভেনর মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে সম্মেলনটি অনুষ্ঠিত হয়। যৌথভাবে অনুষ্ঠান পরিচালনা করেন হেলেন ইসলাম ও কমিউনিটি সংগঠক মোহাম্মদ তাজুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন ক্রয়ডন কাউন্সিলের সিভিক মেয়র কাউন্সিলর মোহাম্মদ ইসলাম।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন ড. হাসনাত এম হোসেন এমবিই, কে এম আবু তাহের চৌধুরী, চ্যানেল এস-এর প্রতিষ্ঠাতা মাহী ফেরদৌস জলিল, সাউথ ইস্টের চেয়ার হারুনুর রশিদ, কমিউনিটি নেতা নুরুল ইসলাম মাহবুব, মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর ও এম এ মান্নানসহ বিভিন্ন পর্যায়ের কমিউনিটি নেতৃবৃন্দ। এ ছাড়া সাবেক স্পিকার আহবাব হোসেন, সাবেক মেয়র জ্যোৎস্না ইসলাম, সিরাজ হক, শাহনুর আহমদ খান, কাউন্সিলর এ কে এম হেলাল, কাউন্সিলর গুলজার আহমদ এবং বিভিন্ন আঞ্চলিক ও শাখা কমিটির প্রতিনিধিরা বক্তব্য দেন।


সম্মেলনে বক্তারা সিলেটবাসীর বিভিন্ন ন্যায্য দাবি তুলে ধরেন। তাঁদের দাবির মধ্যে রয়েছে—সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারওয়েজসহ বিদেশি এয়ারলাইনগুলোর ফ্লাইট চালু, বিমানের ভাড়া কমানো, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ট্রলির সংকট দূর করা ও যাত্রী হয়রানি বন্ধ এবং ঢাকা–সিলেট ছয় লেন মহাসড়কের কাজ দ্রুত সম্পন্ন করা।


নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুর দায়িত্ব পাওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সিলেটের উন্নয়ন এবং কমিউনিটির ঐক্য ও সম্প্রীতি বজায় রাখতে সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঐক্যকে সবচেয়ে বড় শক্তি হিসেবে উল্লেখ করে তিনি পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সহযোগিতার মাধ্যমে আগামী প্রজন্মের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান।


সম্মেলন উপলক্ষে ‘ঐক্যের বন্ধন’ নামে একটি ম্যাগাজিন প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বাংলাদেশের জাতীয় সংগীত, সিলেটি গান, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি খাবারের আয়োজন ছিল। আয়োজকদের ভাষ্য, সম্মেলনটি যুক্তরাজ্যে বসবাসরত সিলেটবাসীর এক মিলনমেলায় পরিণত হয়।


সম্মেলনে অংশ নেওয়া অতিথি ও প্রতিনিধিরা নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান। তাঁরা যুক্তরাজ্যজুড়ে বৃহত্তর সিলেট কমিউনিটির পারস্পরিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ, ঐক্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন।


চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18137
Page of