সিডনিবাসী-বাংলার সংগীতসন্ধ্যা শনিবার : একই মঞ্চে ফাতেমা ও অমিয়া মতিন
শিপন আহমদ, সিডনি (অস্ট্রেলিয়া)
সিডনির বাংলা গানের শ্রোতাদের জন্য শনিবারের সন্ধ্যা হতে যাচ্ছে বিশেষ এক সংগীত আয়োজন। বাংলাদেশের প্রখ্যাত নজরুলসংগীতশিল্পী ও একুশে পদকপ্রাপ্ত ফাতেমা তুজ জোহরা এবং অস্ট্রেলিয়াপ্রবাসী সংগীতশিল্পী অমিয়া মতিন একই মঞ্চে গান পরিবেশন করবেন।
অস্ট্রেলিয়ায় বাংলা ভাষা, গান, সংস্কৃতি ও প্রবাসী জীবনের নানা খবর নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে আসা অনলাইন প্ল্যাটফর্ম ‘সিডনিবাসী-বাংলা’র ২৫ বছর পূর্তি উপলক্ষে আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) সিডনির হার্স্টভিল সিভিক থিয়েটারে এ বিশেষ সংগীতসন্ধ্যার আয়োজন করা হয়েছে। সন্ধ্যা ৬টায় দর্শকদের জন্য দরজা খুলবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ফাতেমা তুজ জোহরা। দীর্ঘ সংগীতজীবনে নজরুলসংগীতের পাশাপাশি আধুনিক গানেও তিনি পরিচিতি পেয়েছেন। মঞ্চ ও টেলিভিশনে সংগীত পরিবেশনের পাশাপাশি অভিনয় ও লেখালেখির সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে ২০০৬ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। নজরুলসংগীতে দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবে তিনি নজরুল পুরস্কারও পেয়েছেন।
ফাতেমা তুজ জোহরার সঙ্গে একই মঞ্চে থাকবেন অস্ট্রেলিয়াপ্রবাসী সংগীতশিল্পী অমিয়া মতিন। ছোটবেলা থেকেই সংগীতচর্চার সঙ্গে যুক্ত অমিয়া ঢাকার নজরুল পরিষদ মিউজিক স্কুল ও কলিম শরাফীর সংগীত ভবনে তালিম নেন। তাঁর সংগীতশিক্ষকদের মধ্যে ফাতেমা তুজ জোহরাও ছিলেন।
পরবর্তীতে নরওয়ে, জার্মানি ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে গান পরিবেশন করেন অমিয়া মতিন। ১৯৯৬ সাল থেকে তিনি সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন। ১৯৯৫ সালে প্রকাশিত হয় তাঁর প্রথম অ্যালবাম ‘যেতে যেতে কিছু কথা’। পরে তাঁর নজরুলসংগীতের অ্যালবাম ‘ভোরের কুন্দকলি’ এবং আধুনিক গানের অ্যালবাম ‘যত ভাবনা ছিল’ প্রকাশিত হয়। দীর্ঘদিন ধরে সিডনির বাংলা সাংস্কৃতিক অঙ্গনেও নিয়মিত গান করে আসছেন তিনি।
২০২৪ সালে প্রয়াত রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদকে স্মরণ করে একই হার্স্টভিল সিভিক থিয়েটারে অমিয়া মতিনের একক সংগীতসন্ধ্যা ‘তুমি রবে নীরবে’ অনুষ্ঠিত হয়েছিল।
এবারের সংগীতসন্ধ্যায় আরও থাকছেন সংগীতচর্চার সঙ্গে যুক্ত অস্ট্রেলিয়ার বাংলাদেশি কমিউনিটির পরিচিত মুখ ড. আবদুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে গিটারে থাকবেন সোহেল খান, তবলায় অভিজিৎ দান, অক্টোপ্যাডে শাহরিয়ার এবং কিবোর্ডে নীলাদ্রি।
সিডনিবাসী-বাংলার সম্পাদক প্রকৌশলী আবদুল মতিন বলেন, ২৫ বছর পূর্তি তাঁদের জন্য আনন্দের একটি উপলক্ষ। দীর্ঘ এই সময়ে তাঁরা প্রবাসে বাংলা ভাষা, সংস্কৃতি ও কমিউনিটির নানা কার্যক্রম তুলে ধরার চেষ্টা করেছেন। পাঠক, লেখক, শিল্পী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা তাঁদের পথচলায় অনুপ্রেরণা দিয়েছে।
তিনি বলেন, ২৫ বছর পূর্তি উপলক্ষে ফাতেমা তুজ জোহরা, অমিয়া মতিনসহ গুণী শিল্পীদের নিয়ে আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। অনুষ্ঠানটি সিডনির বাংলা ভাষাভাষী মানুষের জন্য একটি সুন্দর মিলনমেলায় পরিণত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
আগামী শনিবার হার্স্টভিল সিভিক থিয়েটারে অনুষ্ঠিত হবে এ সংগীতসন্ধ্যা। সন্ধ্যা ৬টায় দর্শকদের জন্য দরজা খুলবে এবং মূল অনুষ্ঠান শুরু হবে সাড়ে ৬টায়। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, অনুষ্ঠানের টিকিট ‘দেশি ইভেন্টস’-এর মাধ্যমে সংগ্রহ করা যাবে।