সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় দিবস ও নবীনবরণ অনুষ্ঠিত
শান্তিগঞ্জ প্রতিনিধি
আনন্দ-উৎসব ও নতুন স্বপ্নের প্রত্যয়ে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হয়েছে বিশ্ববিদ্যালয় দিবস ও নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম-২০২৬। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাকির হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার, সিন্ডিকেট সদস্য আনছার উদ্দিন এবং শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিল্লোল চাকমা।
বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার পরিবেশের সঙ্গে পরিচিত করে তোলেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রা, সম্ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জায়গা নয়; বরং জ্ঞান, বিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করে ভবিষ্যতের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার গুরুত্বপূর্ণ সময়। তাই শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি গবেষণা ও সহশিক্ষামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তাঁরা।
বিশ্ববিদ্যালয় দিবস ও ওরিয়েন্টেশন অনুষ্ঠানকে ঘিরে নবীন শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনের পথচলাকে স্মরণীয় করে রাখতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
অনুষ্ঠান থেকে নবীন শিক্ষার্থীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পাশাপাশি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও সার্বিক অগ্রগতি কামনা করা হয়।