সিলেটেও সুযোগ, ময়লার ছবি তুলেই জিতুন ১ লাখ টাকা
নিজস্ব প্রতিবেদক
সিলেটসহ দেশের যেকোনো স্থানে অপরিকল্পিতভাবে ফেলে রাখা ময়লা-আবর্জনার স্তূপ চিহ্নিত করে ছবি জমা দিলেই মিলতে পারে সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার। পরিবেশ পরিচ্ছন্ন রাখতে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন “জ্বেলে লালবাতি হও লাখপতি” স্লোগানে এ ব্যতিক্রমধর্মী ক্যাম্পেইন পরিচালনা করছে।
ক্যাম্পেইনের আওতায় অংশগ্রহণকারীরা বিডি ক্লিনের অ্যাপ ব্যবহার করে নিয়ম অনুযায়ী ময়লার স্তূপের ছবি তুলে জমা দিতে পারবেন। সবচেয়ে বেশি ময়লার স্থান চিহ্নিতকারী অংশগ্রহণকারী পাবেন ১ লাখ টাকা পুরস্কার। এ ছাড়া অন্য অংশগ্রহণকারীদের জন্যও নগদ অর্থসহ বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে।
বিডি ক্লিন জানায়, ক্যাম্পেইনের লক্ষ্য শুধু ময়লার স্থান শনাক্ত করা নয়; বরং স্থানীয় পৌরসভা, সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতায় সেসব স্থান পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া। ইতোমধ্যে দেশের ৪০টিরও বেশি জেলা থেকে পাঁচ হাজারের বেশি ময়লার স্থান চিহ্নিত হয়েছে।
সংগঠনটির সদস্যরা মনে করছেন, এ উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে যাবে এবং পরিবেশ রক্ষায় জনসম্পৃক্ততা বাড়বে।