logo
চ্যানেল জৈন্তা নিউজ
প্রিয় প্রবাসী ১৫ অক্টোবর ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

মক্কার মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন প্রিয় প্রবাসী
চ্যানেল জৈন্তা নিউজ ১৫ অক্টোবর ২০২৬ ০৩:৫৯ অপরাহ্ন
মক্কার মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ডের’ অভিযোগে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

অনলাইন ডেস্ক: সৌদি আরবের পবিত্র নগরী মক্কা অঞ্চলের একটি মসজিদে ‘অনৈতিক কর্মকাণ্ড’ এবং মসজিদের পবিত্রতা ও মর্যাদা লঙ্ঘনের দায়ে দোষী সাব্যস্ত দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। বুধবার (১৪ অক্টোবর) তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয় বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।


মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তার। সৌদি সংবাদমাধ্যম আজেল নিউজের বরাতে বিভিন্ন আন্তর্জাতিক ও বাংলাদেশি সংবাদমাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, মক্কার একটি মসজিদের ভেতরে ‘অনৈতিক কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাঁদের আটক করে। পরে তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয় এবং মামলাটি সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়।


বিচারিক কার্যক্রম শেষে আদালত তাঁদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায় দেন এবং মৃত্যুদণ্ডের আদেশ দেন। মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, অপরাধের গুরুতরতা এবং সময় ও স্থানের পবিত্রতা লঙ্ঘনের বিষয়টি বিবেচনায় নিয়ে এ সাজা দেওয়া হয়। পরবর্তী সময়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রায় বহাল রাখে এবং রাজকীয় আদেশের মাধ্যমে দণ্ড কার্যকরের নির্দেশ দেওয়া হয়।


বিবৃতি অনুযায়ী, বুধবার (১৪ অক্টোবর) মক্কা অঞ্চলে নজরুল ইসলাম আবদুল বশীর ও সিতি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।


তবে ঠিক কী ধরনের কর্মকাণ্ডের অভিযোগে তাঁদের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, সে বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। ফলে ঘটনাটির সুনির্দিষ্ট বিবরণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।


সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির সরকার নিরাপত্তা নিশ্চিত করা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইসলামি আইন বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মসজিদের পবিত্রতা লঙ্ঘন কিংবা এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে কর্তৃপক্ষ।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18166
Page of