logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ০৪ নভেম্বর ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

নিষিদ্ধ উপাদানে যৌন উত্তেজক সিরাপ তৈরি, সিলেটে ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ০৪ নভেম্বর ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন
নিষিদ্ধ উপাদানে যৌন উত্তেজক সিরাপ তৈরি, সিলেটে ব্যবসায়ীর এক বছরের কারাদণ্ড

সিলেট , সিলেট: নিষিদ্ধ উপাদান ব্যবহার করে যৌন উত্তেজক সিরাপসহ বিভিন্ন ভেজাল পণ্য উৎপাদনের দায়ে সিলেটে এক ব্যবসায়ীকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে নগরীর লালদিঘিরপাড় হকার্স মার্কেটে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।


দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম শাহ জামাল উদ্দিন। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম।


অভিযান সূত্রে জানা যায়, হকার্স মার্কেটের একটি ভবনের চতুর্থ তলায় গোপনে নিষিদ্ধ ও ভেজাল উপাদান ব্যবহার করে বিভিন্ন পণ্য উৎপাদন করা হচ্ছিল। এসব পণ্যের মধ্যে যৌন উত্তেজক হিসেবে বাজারজাত করা সিরাপও ছিল। পণ্য তৈরিতে বাংলাদেশে নিষিদ্ধ ‘গণচিনি’ নামের উপাদান ব্যবহারের তথ্য পাওয়া যায়।


এ ঘটনায় জড়িত থাকার দায়ে শাহ জামাল উদ্দিনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।


এ ছাড়া অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রি এবং বিভিন্ন কোম্পানির ট্রেডমার্ক ও প্যাকেজিং নকল করে নিম্নমানের পণ্য বাজারজাত করার অপরাধে আরও দুটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে তিনটি প্রতিষ্ঠানকে ১ লাখ ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম মিশু জানান, এসব ক্ষতিকর পদার্থ মানবদেহের রোগ প্রতিরোধক্ষমতার মারাত্মক ক্ষতি করতে পারে। পণ্যের প্যাকেজিংয়ে ‘পাবনা, বাংলাদেশ’ লেখা থাকলেও উৎপাদনের প্রকৃত উৎস এবং এর সঙ্গে জড়িত চক্র সম্পর্কে ব্যবসায়ীরা সন্তোষজনক তথ্য দিতে পারেননি।


অভিযানে অধিদপ্তরের সহকারী পরিচালক জয়নাল আবেদীন, নিরাপদ খাদ্য কর্মকর্তা, সংশ্লিষ্ট ব্যবসায়ী সমিতির সভাপতি এবং সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল উপস্থিত ছিল।


জনস্বাস্থ্য সুরক্ষায় ভেজাল ও নকল পণ্যের বিরুদ্ধে বাজার তদারকি এবং অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/18592
Page of