আজমিরীগঞ্জে বেশি দামে সার বিক্রি, ১০ হাজার টাকা জরিমানা
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি ::
হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে আজমিরীগঞ্জ পৌর এলাকার লঞ্চ টার্মিনাল সড়কে সার ও কীটনাশক ব্যবসায়ী কবির মিয়ার দোকানে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দোকানের কর্মচারী সাহাবুল মিয়াকে অতিরিক্ত দামে সার বিক্রির অভিযোগে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভারপ্রাপ্ত ইউএনও মো. জসিম উদ্দিন চৌধুরী।
অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী বলেন, কৃষকের স্বার্থে সারের বাজারে মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করলে আইন অনুযায়ী জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, সারের বাজারে অনিয়ম ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।