logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৮ পূর্বাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ

উন্নয়নকাজে মানের সঙ্গে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৮ পূর্বাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৫ সেপ্টেম্বর ২০২৬ ০৩:১৮ পূর্বাহ্ন
উন্নয়নকাজে মানের সঙ্গে কোনো আপস নয়: সিসিক প্রশাসক

সিলেট:

সিলেট নগরীর টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চলমান উন্নয়নকাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না বলে জানিয়েছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। কার্যাদেশে নির্ধারিত মান ও শর্ত যথাযথভাবে অনুসরণ করে প্রতিটি উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন তিনি।


বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের কুইটুক ও মুক্তিরচক এলাকায় সড়ক ও ড্রেনের চলমান উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার উপস্থিত ছিলেন।


পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, নগরীর বিভিন্ন এলাকায় বর্তমানে ব্যাপক উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব কাজ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, তা নিয়মিত তদারক করতে হবে। একই সঙ্গে উন্নয়নকাজের মান বজায় রাখার বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।


তিনি বলেন, এসব উন্নয়নকাজের প্রকৃত সুবিধাভোগী নগরবাসী। তাই কাজের মান ও বাস্তবায়ন নিয়ে এলাকাবাসীকেও সচেতন ও সজাগ থাকতে হবে। জনগণের অর্থে পরিচালিত উন্নয়নকাজে কোনো ধরনের অনিয়ম বা অপচয় যেন না হয়, সেদিকেও নজর রাখতে হবে।


আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, নগরবাসীর অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা সবার দায়িত্ব। একটি টাকাও যেন অপচয় না হয় এবং ব্যয়ের বিপরীতে জনগণ যেন যথাযথ সুফল পান, তা নিশ্চিত করতে হবে।


এ সময় তিনি সিসিকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের চলমান উন্নয়নকাজ নিয়মিত পরিদর্শন, গুণগত মান তদারক এবং কার্যাদেশে উল্লেখিত শর্ত যথাযথভাবে অনুসরণের নির্দেশ দেন।


পরিদর্শনকালে সিসিকের সাবেক কাউন্সিলর নাজমুল ইসলাম, উপসহকারী প্রকৌশলী খায়রুল ইসলাম অপু, এলাকার মুরব্বি মঈন উদ্দিন, ইমরান আহমদ, ছাবু মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


পরে সিসিক প্রশাসক নগরীর কাজিরবাজার এলাকায় চলমান ড্রেনের উন্নয়নকাজও পরিদর্শন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17853
Page of