ওসমানীনগরে নিখোঁজের একদিন পর খালে মিলল বৃদ্ধের মরদেহ
ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি ::
সিলেটের ওসমানীনগরে মাছুখালী খাল থেকে আব্দুল ওয়াহিদ (৬৫) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে নিখোঁজ থাকার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাছুখালী খালে স্থানীয় জেলেরা পানিতে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত আব্দুল ওয়াহিদ উপজেলার সাদীপুর ইউনিয়নের খসরুপুর গ্রামের মৃত শমশের উল্যার ছেলে। পরিবারের সদস্যদের বরাত দিয়ে স্থানীয় সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
স্থানীয় ও স্বজনদের সূত্রে জানা গেছে, বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে আব্দুল ওয়াহিদ সাদীপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে তাঁর মামা আব্দুল হালিমের বাড়িতে যান। রাতে সেখানে খাবার খাওয়ার পর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের মাছুখালী খালের পাড়ে একটি গাছের নিচে বসেন তিনি। এরপর থেকে তাঁর আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।
পরিবারের সদস্য ও স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরদিন বৃহস্পতিবার দুপুর ২টার দিকে স্থানীয় কয়েকজন জেলে মাছুখালী খালের পানিতে একটি মরদেহ ভাসতে দেখেন। বিষয়টি স্থানীয়দের জানানো হলে পুলিশকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে। পরে নিহতের স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি আব্দুল ওয়াহিদের বলে শনাক্ত করেন।
ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।