হবিগঞ্জে হাওরে দুই পক্ষের সংঘর্ষে কৃষক নিহত, আহত ৩
হবিগঞ্জ প্রতিনিধি ::
হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওরে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে তাহির মিয়া (৪৮) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ভাইসহ আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত তাহির মিয়া উপজেলার খাগাউড়া ইউনিয়নের কুর্শা খাগাউড়া গ্রামের মৃত তাজিম উল্লাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে তাহির মিয়া তাঁর ভাই শহীদ মিয়া ও আনু মিয়াসহ চালবন হাওরে নিজেদের জমির আগাছা পরিষ্কার করতে যান। এ সময় প্রতিবেশী জাহির উল্লাহ, শরীফ, বক্করসহ কয়েকজন তাঁদের কাজে বাধা দেন। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে তাহির মিয়া, তাঁর ভাই শহীদ মিয়া, আনু মিয়া ও স্বপ্না বেগম আহত হন। পরে স্বজন ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাহির মিয়াকে মৃত ঘোষণা করেন। আহত অন্য তিনজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বিষয়ে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রবাস কুমার সিংহ বলেন, জায়গাজমি নিয়ে পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও গভীরভাবে তদন্ত করা হচ্ছে এবং ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ ও সংঘর্ষে জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।