logo
চ্যানেল জৈন্তা নিউজ
সিলেট ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন চ্যানেল জৈন্তা নিউজ
গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীনিবাস, আইসিটি ল্যাব ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ

শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীনিবাস, আইসিটি ল্যাব ও প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের উদ্যোগ
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন সিলেট
চ্যানেল জৈন্তা নিউজ ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৪:৩৯ অপরাহ্ন
শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি দক্ষতা অর্জনে গুরুত্ব দিতে হবে: শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি আধুনিক প্রযুক্তি ও কারিগরি দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, ভবিষ্যতের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে ভাষা, তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই।


গোয়াইনঘাট সরকারি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রীর ২৩ থেকে ২৮ সেপ্টেম্বর সিলেট সফরসূচিতে ২৪ সেপ্টেম্বর গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন ও একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন কর্মসূচি নির্ধারিত ছিল।


মন্ত্রী বলেন, গোয়াইনঘাট সরকারি কলেজে ছাত্রীদের লেখাপড়ায় আগ্রহ ও অংশগ্রহণ প্রশংসনীয়। শিক্ষার্থীদের ভালো ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের পাশাপাশি একাডেমিক পরিবেশ নিশ্চিত করতে হবে। দূরবর্তী এলাকা থেকে আসা ছাত্রীদের পড়াশোনার সুযোগ বাড়াতে কলেজে একটি ছাত্রীনিবাস নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


একই সঙ্গে কলেজে অনার্স চালুর জন্য প্রস্তাবিত পাঁচটি বিষয়ে দ্রুত অনুমোদনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করার আশ্বাস দেন মন্ত্রী। তথ্যপ্রযুক্তি শিক্ষার সুযোগ সম্প্রসারণে প্রয়োজন অনুযায়ী আরও আইসিটি ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।


শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে ইংরেজি, জাপানি, কোরিয়ান ও আরবি ভাষা শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দেন আরিফুল হক চৌধুরী। এ লক্ষ্যে গোয়াইনঘাট সরকারি কলেজে একটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।


মন্ত্রী বলেন, সিলেটের শিক্ষা ও কর্মক্ষেত্রে ঐতিহ্য রয়েছে। একসময় এ অঞ্চলের বহু মানুষ সিভিল সার্ভিস, সামরিক বাহিনী, পুলিশ, চিকিৎসা ও প্রকৌশলসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বর্তমান প্রজন্মকে মানসম্মত শিক্ষা ও যোগ্যতা অর্জনের মাধ্যমে সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। এজন্য শিক্ষার্থীদের লক্ষ্য নির্ধারণ করে নিয়মিত অধ্যয়ন ও দক্ষতা অর্জনের আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, উচ্চমাধ্যমিক পর্যায় শিক্ষার্থীদের জীবনের একটি গুরুত্বপূর্ণ বাঁক। এ সময়ে ভবিষ্যতে কোন ক্ষেত্রে পড়াশোনা ও কর্মজীবন গড়ে তুলবে, সে বিষয়ে লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। শুধু সনদ অর্জনের মধ্যে সীমাবদ্ধ না থেকে বাস্তবমুখী জ্ঞান ও দক্ষতা অর্জনে শিক্ষার্থীদের গুরুত্ব দিতে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার মান যত বাড়বে, ততই এর সুনাম বৃদ্ধি পাবে।


মন্ত্রী বলেন, তরুণ প্রজন্মকে যোগ্য, দক্ষ ও আত্মনির্ভর মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে শিক্ষা ও প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ করা হবে। গোয়াইনঘাট উপজেলায় সরকারি স্থাপনা ও সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে ভবিষ্যতে উপজেলা পর্যায়েও তরুণদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে।


কলেজের অধ্যক্ষ মোহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব নুমেরী জামান ও উপসচিব মোহাম্মদ শামছুল ইসলাম, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এর আগে মন্ত্রী পুকাশ স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন, গুরুকচি উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং গোয়াইনঘাট সরকারি কলেজে স্মার্ট আইটি ল্যাব উদ্বোধন করেন।

চ্যানেল জৈন্তা নিউজ · https://channeljaintanews24.com/top-news/17836
Page of